প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৪:১৭ পিএম
বাংলা সিনেমার অভিনেতা ইলিয়াস জাভেদ
বাংলা সিনেমার সোনালী যুগের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার, ২১ জানুয়ারি, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী।
ডলি চৌধুরী জানান, ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা আজ সকালে ক্রমশ খারাপ হতে থাকে। দীর্ঘদিন ধরে তিনি বাসায় ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালে নেওয়ার আগে দু’জন নার্স বাড়িতে এসে তার তত্ত্বাবধানে ছিলেন। আজ সকালে নার্সরা জানান, তাঁর শরীরে সাড়া নেই। পরে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে আনা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়াস জাভেদের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে সময়ের অন্যতম সফল নায়কের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন।
অভিনয়ের পাশাপাশি ইলিয়াস জাভেদ একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও সুপরিচিত ছিলেন। প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘নিশান’ বিশেষভাবে স্মরণীয়।
ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে ১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমেছে গভীর শোক। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।