প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৩:৪২ পিএম
মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক মুহূর্তের দুর্ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দেয় বলিউডে। জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে জুহুর বাসভবনের দিকে ফিরছিলেন এই তারকা দম্পতি। এ সময় তাদের কনভয়ের সামনের দিকে থাকা একটি মার্সেডিজ গাড়িকে হঠাৎ সজোরে ধাক্কা দেয় একটি অটো রিকশা। ধাক্কার ফলে নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি।
তবে স্বস্তির বিষয় হলো, দুর্ঘটনার সময় অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না ওই মার্সেডিজ গাড়িতে ছিলেন না। তারা কনভয়ের পেছনের একটি ইনোভা গাড়িতে অবস্থান করছিলেন এবং পুরোপুরি নিরাপদ রয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় মার্সেডিজ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়েমুচড়ে গেছে। একই সঙ্গে অটো রিকশাটির সামনের অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে। ভিডিওগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও পরে তাদের নিরাপদ থাকার খবর স্বস্তি এনে দেয়
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক ও ওই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মার্সেডিজ ও অটো রিকশাটি জব্দ করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সব আনুষ্ঠানিকতা শেষে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নাকে নিরাপত্তার মধ্যেই নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়ায় তারকা দম্পতির ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন।