× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব-সিয়াম শ্রীলঙ্কায়

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৫২ এএম

শাকিব-সিয়াম শ্রীলঙ্কায়

চলতি বছরের শুরুতেই ঢালিউডের দুই জনপ্রিয় তারকা ও দুটি বড় বাজেটের সিনেমাকে ঘিরে শ্রীলঙ্কা যেন পরিণত হয়েছে বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত শুটিং লোকেশনে। একদিকে সিয়াম আহমেদের ‘রাক্ষস’, অন্যদিকে শাকিব খানের ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন’Ñ দুটি সিনেমার শুটিং একসঙ্গে চলায় দেশীয় সিনেমাপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছান দেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। যাওয়ার পরদিনই অর্থাৎ ১৫ জানুয়ারি, তিনি অংশ নেন তার নতুন সিনেমা ‘রাক্ষস’-এর শুটিংয়ে। ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমাটির শুটিং শ্রীলঙ্কায় টানা ১৮ দিন চলবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা অনুযায়ী পুরো ইউনিটই সেখানে অবস্থান করে নির্ধারিত সময়ের মধ্যেই শুটিং শেষ করতে চান নির্মাতা।

এরই মধ্যে শ্রীলঙ্কায় হাজির হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গতকাল তিনি দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেন ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে। জানা গেছে, প্রায় এক সপ্তাহ সেখানে শুটিং করার পর তিনি ঢাকায় ফিরবেন। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য পরিচিতি পেয়েছেন।

‘প্রিন্স : ওয়ানস আপন এ টাইম ইন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত ৬ জানুয়ারি বাংলাদেশে। শুরুতে নির্মাতাদের পরিকল্পনা ছিল ছবিটির বড় অংশের শুটিং ভারতের হায়দরাবাদে করার। পরে সেই তালিকায় যুক্ত হয় কলকাতা। তবে দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও কলাকুশলীদের ভিসা জটিলতা নির্দিষ্ট সময়ে সমাধান না হওয়ায় শুটিং পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হন প্রযোজক ও পরিচালক। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়, যেখানে আন্তর্জাতিক মানের লোকেশন ও শুটিং সুবিধা সহজেই পাওয়া যাচ্ছে।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা। এর মধ্যে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। তৃতীয় নায়িকা হিসেবে ক্যামিও চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে এমন গুঞ্জন শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।

নব্বই দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘প্রিন্স’ সিনেমার গল্প। 

অন্যদিকে ‘রাক্ষস’ সিনেমার প্রস্তুতিও এগোচ্ছে সমানতালে। শুটিং শুরুর এক সপ্তাহ আগেই শ্রীলঙ্কায় পৌঁছান নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও তার ২৮ সদস্যের শুটিং ইউনিট। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। 

‘রাক্ষস’ সিনেমার আরেকটি উল্লেখযোগ্য দিক হলোÑ শুটিংয়ের পাশাপাশি অনলাইনে চলছে এর এডিটিংয়ের কাজ। অর্থাৎ লোকেশনে শুটিং চললেও ফুটেজ সরাসরি পাঠানো হচ্ছে এডিট প্যানেলে। এর ফলে পোস্ট-প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রাখা সম্ভব হচ্ছে, যা মুক্তির সময়সূচি ঠিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন নির্মাতা।

উল্লেখ্য, গত ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শুরু হয়েছিল ‘রাক্ষস’ সিনেমার শুটিং। এরপর এফডিসিতে একটি সাদামাটা আয়োজনের মাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায় ছাড়াও সিনেমাটিতে আর কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে গুঞ্জন রয়েছে, বলিউডের একজন অতিপরিচিত মুখসহ বাংলাদেশের কয়েকজন চমক-জাগানিয়া শিল্পী এই সিনেমায় যুক্ত হতে পারেন।

‘রাক্ষস’ নির্মিত হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয়েছিল আলোচিত সিনেমা ‘বরবাদ’, যা দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা