প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম
সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের পরিচিতি সবচেয়ে বেশি হলেও তার সৃজনশীলতার পরিধি বহু বিস্তৃত। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি অভিনয় করেছেন বহু নামি নির্মাতার সিনেমায়, নিজেও পরিচালনা করেছেন চলচ্চিত্র। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতার কথাও তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন। জীবনের নানা টুকরো গল্প কখনও কলামে, কখনও অন্যের লেখায় উঠে এলেও এবার সেসব অভিজ্ঞতাকে আরও গুছিয়ে আত্মজীবনীর আকারে তুলে ধরলেন অঞ্জন দত্ত নিজেই।
গত ১৫ জানুয়ারি প্রকাশ পেয়েছে তার লেখা আত্মজীবনী ‘অঞ্জন নিয়ে’। বইটি প্রকাশ করেছে দে’জ প্রকাশনী। আসন্ন জন্মদিনকে সামনে রেখে নিজের নতুন এই সৃষ্টিকে পাঠকের হাতে তুলে দিলেন তিনি। আগামীকাল ১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে তিনি পা রাখতে যাচ্ছেন ৭৩ বছরে। সেই উপলক্ষেই বইটির প্রকাশ ঘিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা অনুষ্ঠান। ‘বাহাত্তরে অঞ্জন’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তার হাতেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় ‘অঞ্জন নিয়ে’ বইটির মোড়ক।
‘অঞ্জন নিয়ে’ আত্মজীবনীতে নিজের জীবনের পাশাপাশি উঠে এসেছে বহু পরিচিত ও প্রভাবশালী মানুষের কথাও, যাদের সঙ্গে বিভিন্ন সময়ে তার সম্পর্ক গড়ে উঠেছিল।