প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১২:১৬ পিএম
প্রতি বছর শীত এলেই নতুন করে চাঙ্গা হয়ে ওঠে দেশের সংগীতাঙ্গন। শহর থেকে গ্রাম সবখানেই আয়োজন করা হয় ইনডোর ও আউটডোর কনসার্ট। প্রিয় শিল্পী ও ব্যান্ডকে সামনাসামনি দেখার সুযোগে মুখর হয়ে ওঠে দর্শক-শ্রোতারা। তবে এবার সেই চেনা চিত্র অনেকটাই বদলে গেছে। চলতি শীত মৌসুমে কনসার্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত বছরের শেষ ভাগে একাধিক কনসার্ট বাতিল করতে হয়েছে আয়োজকদের। এসব আয়োজনে দেশীয় শিল্পী ও ব্যান্ডের পাশাপাশি বিদেশি শিল্পীদেরও অংশ নেওয়ার কথা ছিল। এরই মধ্যে গত মাসে ফরিদপুরে একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হামলার মুখে পড়েন নগর বাউল জেমস। বহিরাগতদের ওই হামলার ঘটনায় গান না গেয়েই অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে আউটডোর কনসার্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে।
তবে এমন পরিস্থিতির মধ্যেও ঢাকায় আয়োজন করা হচ্ছে একটি আউটডোর কনসার্ট। ‘কুয়াশার গান’ শিরোনামের এই আয়োজন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাই যৌথভাবে কনসার্টটির আয়োজন করেছে।
শীতের কুয়াশা গায়ে মেখে মঞ্চ মাতাতে চারটি ব্যান্ড অংশ নেবেÑ কৃষ্ণপক্ষ, আভাস, চিরকুট ও অ্যাশেজ। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টা থেকে পারফর্ম করবে অ্যাশেজ। অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়েই কনসার্টের পর্দা নামবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘কুয়াশার গান’ শুধুই একটি সংগীতানুষ্ঠান নয়; এটি একটি মানবিক ও দাতব্য উদ্যোগ। শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহই এই কনসার্টের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, এর আগেও শীতার্ত মানুষের সহায়তায় ১১ জানুয়ারি টিএসসি মাঠে আয়োজন করা হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শিরোনামের একটি চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানে আর্থিক অনুদানের পাশাপাশি সংগ্রহ করা হয় নতুন ও পুরনো কাপড় এবং কম্বল। সেখানে পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলীসহ আরও অনেকে।