প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:১৮ পিএম
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিনয় করছেন ‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা কিংবা পরিচিত কার্টুন গল্প নয়; বরং আধুনিক প্রেক্ষাপটে নির্মিত একটি ওয়েব সিরিজ।
ভারতীয় জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই সম্প্রতি নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে ‘ঠাকুমার ঝুলি’ শিরোনামের এই সিরিজটি। সিরিজটিতে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মণ্ডল।
‘ঠাকুমার ঝুলি’ সিরিজের গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির এক গভীর, আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে পর্দায় মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তিনি বয়স্ক এক ঠাকুমার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। প্রিয় নায়িকার এই ভিন্নধর্মী চরিত্র ও নতুন লুক দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনায় থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে কলকাতায় ফিরেছেন তিনি। জানা গেছে, চলতি মাসেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শুটিং শুরু হবে এবং তাতে অংশ নেবেন শ্রাবন্তী।
গত বছর শ্রাবন্তীর অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। এবার ওটিটিতে তার নতুন ও সাহসী চরিত্রায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
এদিকে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী দিব্যাণী মণ্ডল এই সিরিজে থাকছেন বড় চমক হিসেবে। শ্রাবন্তীর মতো অভিজ্ঞ ও সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।