প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৯:৪৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২০:০৫ পিএম
তাহসান খান ও রোজা আহমেদ। ছবি: তাহসানের ফেইসবুক প্রেইজ থেকে নেওয়া
কোনো গুঞ্জন ছাড়াই গত বছরের শুরুতে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। তবে সেই অধ্যায়েরও সমাপ্তির খবর এলো।
খবর পাওয়া গেছে, বিয়ের বছর ঘোরার আগেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এই দম্পতির। গত বছরের জুলাই মাস থেকেই তারা আলাদা থাকছেন।
তাহসান খান শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, “গত কয়েকমাস ধরে আমরা আলাদা থাকছি। বিস্তারিত পরে সময় এলে বলব।”
কালের কণ্ঠকে তিনি বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।
“ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।”
২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। আইরা তাহরিম খান নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।