প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম
বাংলার ঐতিহ্যবাহী বাউলসংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে মাছরাঙা টেলিভিশনের লোকসংগীতের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ পৌঁছে গেছে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্যায়ে। বিভিন্ন ধাপ পেরিয়ে আজ নির্বাচন করা হবে অনুষ্ঠানের সেরা পাঁচ প্রতিযোগীÑ যা নিয়ে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড শেষে সেখান থেকে সেরা পাঁচ প্রতিযোগী নির্বাচন করা হবে। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সেরা সাতের লড়াই।
অনুষ্ঠানটির বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনায় আছেন আইশা খান। শোটির প্রযোজক মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এই লোকসংগীতের রিয়ালিটি শো।
উল্লেখ্য, বর্তমান প্রজন্মের পাশাপাশি বিশ্বদরবারে বাংলার বাউলসংগীতকে তুলে ধরার লক্ষ্য নিয়ে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’Ñ এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী লোকগানের আবেদন নতুনভাবে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে বাছাইকৃত ৪০ জন অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। পরবর্তী ধাপে তারা অংশ নেন গ্রুমিং সেশনে, যেখানে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে গান, পরিবেশনা ও মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক শেখানো হয়। এরপর অনুষ্ঠিত হয় মাস্টার সিলেকশন, যেখান থেকে নির্বাচিত ১৯ জন প্রতিযোগী সুযোগ পান স্টুডিও রাউন্ডে।