প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১ এএম
দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী অভিনেত্রীদের একজন। রোমান্টিক, ঐতিহাসিক কিংবা সমসাময়িকÑ সব ধরনের চরিত্রেই সমান সাবলীল তিনি। তবে ক্যারিয়ারের দিক থেকে ২০২৫ সালটা ছিল তার জন্য কিছুটা নীরব। পুরো বছরে মুক্তি পায়নি দীপিকার কোনো নতুন সিনেমা, যা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল নানা প্রশ্ন।২০২৬ সাল দীপিকার জন্য হতে যাচ্ছে বড় প্রত্যাবর্তনের বছর। কারণ এই বছরে একসঙ্গে পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার। চলুন দেখে নেওয়া যাক এ বছর দীপিকার কোন কোন সিনেমা মুক্তি পেতে চলেছে।
কিং
শাহরুখ খান অভিনীত এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের উপস্থিতি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। ছবিটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি দেখা যাবে সুহানা খানকেও, যার মাধ্যমে তার বলিউড অভিষেক হবে। সিনেমাটি চলতি বছরেই মুক্তির পরিকল্পনা রয়েছে।
টাইগার ভার্সেস পাঠান
সালমান খান ও শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটিও ২০২৬ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। ‘পাঠান’-এর পর এবারও গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে জানা গেছে।
ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব
অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমায় দীপিকা পাড়ুকোনকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলে জোর গুঞ্জন রয়েছে। প্রথম পর্বে তার একটি ঝলক দেখিয়েই দ্বিতীয় অংশে গুরুত্বপূর্ণ উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতা। রণবীর কাপুরের পাশাপাশি রণবীর সিংকেও এই ছবিতে দেখা যেতে পারে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মহাবতার
ভিকি কৌশল অভিনীত ‘মহাবতার’ সিনেমাটিও মুক্তি পাবে ২০২৬ সালে। এতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা জানা গেলেও তার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত প্রকাশ করেননি নির্মাতারা। তবে ভিকির বিপরীতে দীপিকাকে দেখার অপেক্ষায় ভক্তরা।
অ্যাটলির নতুন প্রজেক্ট
অ্যাটলি পরিচালিত এই বড় বাজেটের সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ। ভিজ্যুয়াল ও পোস্ট-প্রোডাকশনের জটিলতার কারণে ছবিটি দুই ভাগে মুক্তি দেওয়ার কথাও ভাবছেন নির্মাতারা, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।