প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:৫২ পিএম
কিংবদন্তি নির্মাতা বেলা তার।ছবি: সংগৃহীত
‘দ্য তুরিন হর্স’খ্যাত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই। দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাঙ্গেরির এই প্রখ্যাত নির্মাতার বয়স হয়েছিল ৭০ বছর।
হাঙ্গেরিয়ান ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বেলা তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ ও জটিল অসুস্থতার পর তিনি পৃথিবীকে বিদায় জানিয়েছেন। শোকাহত পরিবার এই কঠিন সময়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে ব্যক্তিগত যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সেই বাবার উপহার পাওয়া একটি ক্যামেরা হাতে তাঁর চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু। পরবর্তীতে তিনি হাঙ্গেরির অন্যতম পরীক্ষাধর্মী চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে যুক্ত হন। সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।
১৯৮৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তাঁর নির্মিত ‘ড্যামনেশন’। এটি হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। সিনেমাটির চিত্রনাট্য তিনি যৌথভাবে লিখেছিলেন নোবেলজয়ী সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাইয়ের সঙ্গে। এই সাহিত্যিকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সৃজনশীল সহযোগিতা ছিল।
বেলা তার বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত সাত ঘণ্টা দীর্ঘ চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’র জন্য। পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন এবং তার পরবর্তী সামাজিক ও নৈতিক অবক্ষয়কে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্ব সিনেমায় এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।
২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বেলা তার। যদিও এরপর তিনি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
জীবনের শেষ পর্যায়ে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত রাখেন তিনি। হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এই কিংবদন্তি নির্মাতা।