প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১২:১৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩ পিএম
সিরিয়াল: ‘এটা আমাদেরই গল্প’
ঢালিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ মাত্র কিছু পর্বেই দর্শকদের হৃদয় জিতে নিয়েছে। পারিবারিক বন্ধন, ভালোবাসা এবং সম্পর্কের সরল অথচ গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই সিরিয়ালটি অনলাইন এবং টেলিভিশন দুই মাধ্যমেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দর্শকরা প্রতি সপ্তাহে নতুন দুটি পর্ব দেখার পাশাপাশি এতটাই সিরিয়ালের প্রতি আসক্ত হয়েছেন যে, দৈনিক একটি নতুন পর্ব দেখার দাবি তুলছেন।
সপ্তাহে মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন পর্ব প্রচারিত হয়। সর্বশেষ ১৮তম পর্বটি মাত্র ৬৯ মিনিটের মধ্যে মিলিয়ন ভিউ ছাড়িয়েছে, যা বাংলাদেশের নাটক ইতিহাসে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউ অর্জনের রেকর্ড। প্রতি পর্বের ভিউ ৮০ লাখ থেকে কোটির উপর, যা বাংলাদেশের নাটকের জন্য বিরল।
দর্শকরা সোশ্যাল মিডিয়ায় নাটক নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন। সোহাগ আহমেদ নামে একজন লিখেছেন, সপ্তাহে তিন দিন প্রদর্শন করতে হবে। সাদিয়া ইসলাম ঐশী মন্তব্য করেছেন, নাটকটির প্রতিটি চরিত্র জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে এবং পরিবারকে নতুনভাবে উপলব্ধি করিয়েছে। এ ছাড়া অসংখ্য মন্তব্যে দর্শকরা দৈনিক নতুন পর্ব দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।
সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, অপু সরকার, ডিকন নূর এবং মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নির্মাতাদের উদ্দেশ্য দর্শক যেন নিজেদের জীবনের অংশ এখানে খুঁজে পান। এ কারণেই সিরিয়ালের ট্যাগলাইন, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’, সমান অর্থবহ এবং দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।