প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১২:০৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭ পিএম
অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের পর্দায় এক যুগের বেশি সময় ধরে নিজের অবস্থান শক্ত করে রেখেছেন অপু বিশ্বাস। সময়ের সঙ্গে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করে দর্শকের আগ্রহ ধরে রাখার ক্ষেত্রে অপু বরাবরই অনন্য। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্টাইল আর উপস্থিতি দিয়ে সোশ্যাল মিডিয়াতেও তার আলাদা প্রভাব রয়েছে। নতুন লুক, নতুন ভাবনা নিয়ে মাঝেমধ্যেই ভক্তদের সামনে হাজির হন তিনি, আর প্রতিবারই তা হয়ে ওঠে আলোচনার বিষয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ব্রাইডাল ফটোশুটের বেশকিছু ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস, যা মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট রঙের একটি লেহেঙ্গায় রাজকীয়ভাবে সেজেছেন এই ঢালিউড কুইন। সঙ্গে রয়েছে ভারি নেকলেস ও ইয়ারিংস, কপালে টিকলি সব মিলিয়ে এক ক্লাসিক ব্রাইডাল লুক। হাতে ধরা পুরনো দিনের একটি ক্যামেরা ছবিগুলোতে যোগ করেছে ভিন্নমাত্রা। পরিমিত মেকআপ আর স্নিগ্ধ হাসিতে অপুকে দেখা গেছে আরও মোহনীয় ও অভিজাত রূপে।
ছবিগুলো প্রকাশের পরপরই অপুর মন্তব্য ঘরে নেমে আসে প্রশংসার ঝড়। লাইক ও কমেন্টে ভরে ওঠে তার পোস্ট। ভক্তরা তার সৌন্দর্য ও আভিজাত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘এই লুকে অপু বিশ্বাসকে একদম রানীর মতো লাগছে,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘সময় যতই যাক, আপনার সৌন্দর্য একই রকম।’
দীর্ঘ ক্যারিয়ারের পথচলা সত্ত্বেও ফ্যাশন ও ট্রেন্ডে যে অপু বিশ্বাস এখনও সমানভাবে প্রাসঙ্গিক, এই ফটোশুট তারই প্রমাণ দেয়।
এদিকে, প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন এই নায়িকা। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুকে অপু বিশ্বাসকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও রোমহর্ষক গেটআপে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।