× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরফানের বিপরীতে দুই নায়িকার গল্প

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১২:৪৪ পিএম

ভাবনা ও দীঘির বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ

ভাবনা ও দীঘির বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ

শিশুশিল্পী হিসেবে যাদের পথচলা শুরু, সময়ের সঙ্গে পরিণত অভিনয়ে যারা নিজ নিজ অবস্থান গড়ে তুলেছেনÑ আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি ঠিক তেমনই দুই নাম। ছোটবেলায় জাতীয় পুরস্কার জয়ের গৌরব, তারপর ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করা বড়পর্দার জন্য। দীর্ঘ সেই পথচলার পর এবার প্রথমবারের মতো একই ওয়েব সিনেমায় দেখা যাবে এই দুই নায়িকাকে। তাদের সঙ্গে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত এই ওয়েব সিনেমাটির শুটিংয়ে ইতোমধ্যেই ব্যস্ত সময় পার করছেন তারা।

গত মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছে ছবিটির শুটিং। গত সোমবার সাভারের গোলাপগ্রাম এলাকায় চলছিল শুটিংয়ের কাজ। পরিচালক সুমন ধরের ভাষায়, গল্পের নাম এখনও চূড়ান্ত না হলেও ঈদ উপলক্ষে মুক্তির লক্ষ্যেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পে সম্পর্ক, মনস্তত্ত্ব আর রহস্য সবকিছুর মিশেলে থাকছে এই সিনেমা।

এই সিনেমায় ভাবনা ও দীঘির বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। ইরফান ঢালিউডের এক প্রতিভাবান অভিনেতা। তার নাটকে অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও, এখন তিনি বড়পর্দায় চাহিদাসম্পন্ন অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে ইরফান সুমন ধরের নতুন ওয়েব সিনেমায় কাজ করছেন, যেখানে তার চরিত্রে রয়েছে একাধিক স্তর এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি। চরিত্রের গভীরতা এবং রহস্যময় গল্পে অভিনয় করার সুযোগ পাওয়ায় তিনি শুটিংকে উপভোগ্য মনে করছেন। অন্যদিকে দীঘির সঙ্গে এটিই তার প্রথম কাজ। 

প্রার্থনা ফারদীন দীঘি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। যিনি শিশুশিল্পী হিসেবে শুরু করে এখন বড়পর্দার নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দীঘি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক প্রজেক্ট নিয়ে। কিছুদিন আগেই তিনি মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’ সিনেমার শুটিং করেছেন, যার কিছু কাজ এখনও বাকি। এর মধ্যেই যুক্ত হয়েছেন সুমন ধরের নতুন এই ওয়েব সিনেমায়। সুমন ধরের সঙ্গে দীঘির এটি তৃতীয় কাজ। এর আগে ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করেছেন তারা।

ছোটবেলায় নৃত্যশিল্পী হিসেবে শুরু করে জাতীয় পুরস্কার জয়ের পরে ধীরে ধীরে অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেছেন আশনা হাবিব ভাবনা। এই ওয়েব সিনেমায় নতুন চরিত্রটি ভাবনার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। শুটিং সেটে সহশিল্পীদের সহযোগিতা এবং পরিচালকের সঙ্গে স্বাচ্ছন্দ্য তাকে আরও অনুপ্রাণিত করছে। দীঘি ও ইরফানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তার জন্য আনন্দদায়ক এবং স্মরণীয় হয়ে উঠেছে। ভাবনা সম্প্রতি শেষ করেছেন রায়হান খানের ‘পায়েল’ সিনেমার কাজ এবং মুক্তির অপেক্ষায় রয়েছে হাবিবুল ইসলাম পরিচালিত ‘যাপিত জীবন’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা