প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৫ পিএম
অপূর্ব ও বিন্দু
ওটিটি প্লাটফর্মে এখন দর্শকের চাহিদা বদলেছে। তারা খুঁজছে বাস্তব জীবনের কাছাকাছি গল্প, গভীর চরিত্র আর অভিনয়ে নতুনত্ব। ঠিক এমন সময়েই আলোচনায় এলো নতুন একটি ওয়েব সিরিজ, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন জিয়াউল ফারুক অপূর্ব ও বিন্দু। ভিন্নধর্মী গল্প আর দুই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীর নতুন রসায়ন এই সিরিজ ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
টিভি নাটক থেকে ওটিটিÑ অপূর্ব মানেই দর্শকের প্রত্যাশা থাকে শক্তিশালী অভিনয়ের। বারবার নিজেকে ভেঙে নতুন চরিত্রে হাজির হওয়াই তার পরিচয়। অন্যদিকে বিন্দু এ সময়ের সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন; যিনি স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। এত দিন আলাদা আলাদা কাজেই দর্শক তাদের দেখেছেন, এবার সেই পরিচিত মুখগুলো এক ফ্রেমেÑ এটাই সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ।
এই সিরিজে অপূর্বকে দেখা যাবে সংযত, অন্তর্মুখী এক চরিত্রে; যেখানে আবেগ প্রকাশ পাবে সংলাপের চেয়ে অভিব্যক্তিতে। বিন্দুর চরিত্রটি হবে আত্মসম্মানবোধে দৃঢ়, স্বাধীনচেতা এক নারীর; যার জীবনে প্রেমের পাশাপাশি রয়েছে নিজের অস্তিত্বের লড়াই। দুই চরিত্রের মানসিক দ্বন্দ্ব আর পারস্পরিক টানাপড়েনই গল্পের প্রাণশক্তি। তবে সিরিজটির নাম এখনও অপ্রকাশিত।
ওটিটির জন্য নির্মিত এই ওয়েব সিরিজটি মুক্তি পেলে অপূর্ব-বিন্দুর রসায়ন কতটা কাজ করেÑ সেটাই এখন দেখার বিষয়। তবে সব ইঙ্গিত বলছে, নতুন এই জুটি পরিমিত অভিনয় আর সম্পর্কনির্ভর গল্প দর্শকদের জন্য হতে পারে এক ভিন্ন অভিজ্ঞতা।
এই ওয়েব সিরিজ শুধু একটি নতুন জুটির ঘোষণা নয়; বরং গল্পভিত্তিক মানসম্মত কনটেন্টের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা। দর্শকের চোখ এখন মুক্তির দিকেই।