প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম
‘লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে’Ñ এই শব্দগুলো শোনা মাত্রই মনে ভেসে ওঠে সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম। তার কণ্ঠের মাধুর্য আর আবেগমাখা গায়কী প্রজন্মের পর প্রজন্ম ধরে মুগ্ধ করে রেখেছে শ্রোতাদের। আধুনিক গানসহ বিভিন্ন ঘরানার সংগীতে তার কণ্ঠের আলাদা আবেদন বরাবরই শ্রোতামনে জায়গা করে নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের সুরকার ও গীতিকারদের সঙ্গেও তিনি নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন তিনটি একক গান।
নতুন এই তিন গানের সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন। সাধারণত গায়ক হিসেবেই যিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তিনি এর আগে নিজের জন্য সুর করলেও এই প্রথমবারের মতো ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন। গানগুলোর শিরোনামÑ ‘দুঃখের দলিল’, ‘আসল না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।
এই তিন গান প্রকাশের মূল উদ্যোগ নিয়েছেন গীতিকার গোলাম মোর্শেদ নিজেই। শামস সুমনের ভাষায়, ফাহমিদা নবী ও গোলাম মোর্শেদের দীর্ঘ ২৫ বছরের কাজের সম্পর্ক থেকেই এই উদ্যোগের সূত্রপাত। একসময় মোর্শেদ ফাহমিদা নবীকে শামস সুমনের সুর করা একটি গান শোনান, যা তার বেশ পছন্দ হয়। পরবর্তীতে আরও দুটি গান শোনানো হলে সেগুলোও তার ভালো লাগে। এর ফলেই তিনটি গানেই কণ্ঠ দেন ফাহমিদা নবী। গত কয়েক মাসে গানগুলোর কাজ সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে মিউজিক ভিডিওর শুটিংও শেষ হয়েছে।
শামস সুমনের সুরে নব্বই দশকের এক বিশেষ আবহ রয়েছে, যা তাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সুর ও কথার মেলবন্ধনে প্রতিটি গানই হৃদয়ে গেঁথে থাকার মতো। তিনটি গান নিয়েই তিনি ভীষণ আশাবাদী বলে জানান।