প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:০৮ পিএম
বাংলাদেশি সিনেমায় নকলের অভিযোগ নতুন নয়। গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, এমনকি অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য নিয়েও প্রায়ই অনুকরণের অভিযোগ ওঠে। এসব নিয়ে সমালোচনাও কম হয় না। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও এমন অভিযোগের মুখে পড়তে হয়েছিল নির্মাতার। অনেকেই সিয়ামের লুক ও ভায়োলেন্সের দৃশ্যে বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমার ছায়া দেখেন। তখন অবশ্য বিষয়টি নিয়ে নীরব ছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।
তবে ১ জানুয়ারি দক্ষিণি তারকা প্রভাস অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত নতুন সিনেমা ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর মুখ খুলেছেন হৃদয়। নতুন সেই পোস্টারের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমা থেকে ফাঁস হওয়া সিয়ামের একটি লুকের মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। আর এই তুলনাকেই কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নির্মাতা।
গতকাল ফেসবুকে সিয়াম ও প্রভাসের লুকের ছবি কোলাজ করে হৃদয় লেখেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙা যখন “ওল্ড বয়” থেকে নেয়, তখন সেটাকে বলা হয় ম্যাস। লোকেশ কানাগারাজ যখন “বুলেট ট্রেন” থেকে অনুপ্রাণিত হন, তখন সেটা আর্ট। “কিং” সিনেমার ফার্স্ট লুকের কস্টিউমের কথা তো বাদই দিলাম। তখন এসব হয়ে যায় ইন্সপিরেশন, আর ওদের দেশের দর্শকরাও তা গ্রহণ করে। কিন্তু আমাদের দেশের নির্মাতারা এমন কিছু করলেই সমালোচকেরা তেলে-বেগুনে জ্বলে ওঠেন।’
তিনি আরও লেখেন, ‘সব কাল্ট ক্রিয়েশনই কোথাও না কোথাও থেকে অনুপ্রেরণা নেয়। দুনিয়া গোল, কখনও না কখনও মিল আসবেই। সমস্যা হলো, আমাদের কাজের সঙ্গে মিল পেলেই সেটাকে দোষ হিসেবে ধরা হয়। আমি নিশ্চিত, সন্দীপ রেড্ডি ভাঙা আমার কোনো দৃশ্য দেখে কপি করেননি, আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ারস্টাইল ঠিক করেননি। “স্পিরিট”-এর সঙ্গে “রাক্ষস”-এর কোনো মিলও থাকবে না। তবু যদি কোথাও কিছু মিলে যায়, সেটা নিছক কাকতালীয়ই ধরে নিতে হবে।’