প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম
ছোটপর্দায় আবারও একসঙ্গে দেখা যাচ্ছে সময়ের আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তারা অভিনয় করেছেন নতুন ইউটিউব ছবি ‘সম্পর্কের গল্প’-এ। এর আগে একই নির্মাতার নাটক ‘তোমাদের গল্প’-এ কাজ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন এই জুটি।
নাটকের মতোই ইউটিউব ছবিটির গল্প আবর্তিত হয়েছে পারিবারিক সম্পর্কের গভীরতা, টানাপড়েন ও আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করে। কাহিনি লিখেছেন সিদ্দিক আহমেদ। জোভান-তটিনী ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, নাদের চৌধুরী, মনিরা মিঠু, দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিনু রাজু, এবি রোকন, দিশা ও ইশরাতসহ আরও অনেকে।
নির্মাতার ভাষায়, শিগগিরই গানওয়ালা ইউটিউব চ্যানেলে ছবিটি দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে। তটিনীর মতে, ‘সম্পর্কের গল্প’ আমাদের চেনা জীবনের গল্পগুলো নতুনভাবে তুলে ধরেছে, যেখানে দর্শক সহজেই পর্দার চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। তার বিশ্বাস, ঠিক যেমন ‘তোমাদের গল্প’ দর্শকের মনে দাগ কেটেছিল, তেমনই এই ছবিটিও আবেগে ছুঁয়ে যাবে।
তটিনীর কথার সঙ্গে একমত জোভানেরও। তিনি আশাবাদী, ছবিটি এ সময়ের দর্শকের প্রত্যাশা পূরণ করবে। উল্লেখ্য, সদ্য প্রকাশিত ‘হৃদয় গভীরে’ একক নাটকে অভিনয়ের সুবাদেও জোভান-তটিনী জুটি বর্তমানে আলোচনায় রয়েছে।