প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৯ পিএম
বছরের প্রথম দিনেই ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতে এই লাইভ আড্ডার আয়োজন করেন তিনি। তবে শুরুতেই ভক্তদের সতর্ক করে জানিয়ে দেন, অপ্রাসঙ্গিক কিংবা ব্যক্তিগত প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাবেন।
লাইভে এসে প্রভা জানান, আগের দিন থেকেই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে একের পর এক নতুন বছরের শুভেচ্ছা পাচ্ছেন তিনি। সেই সৌজন্যবোধ থেকেই মূলত লাইভে আসা। এ সময় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাতভর কিংবা দিনের পর দিন টুংটাং করে আসা এসএমএস ব্যক্তিগতভাবে তার ভালো লাগে না। যদিও এটিকে সামাজিক সৌজন্যতা হিসেবে দেখেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তার মতে, শুভকামনা জানানোর জন্য নির্দিষ্ট দিন বা সময়ের প্রয়োজন নেইÑ ভালো ইচ্ছা সব সময়ই প্রকাশ করা যায়।
লাইভ চলাকালে ভক্তরা নানা মন্তব্য ও প্রশ্ন করতে থাকেন। প্রভা জানান, ভালো-মন্দ যেকোনো মন্তব্য পড়ার চেষ্টা করবেন এবং সম্ভব হলে উত্তর দেবেন। তবে অশালীন কিংবা অপ্রাসঙ্গিক মন্তব্য তিনি এড়িয়ে যাবেন। বেশিরভাগ ভক্তই তার বর্তমান ব্যস্ততা ও কাজের খবর জানতে চান। তবে এর মধ্যেই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আসতে শুরু করে।
এ বিষয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে প্রভা বলেন, বিয়ে, সন্তান বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা আসলে ব্যাড ম্যানার। তিনি বলেন, এসব একান্তই ব্যক্তিগত বিষয় এবং প্রতিটি মানুষের জীবন আলাদা। আল্লাহ যেদিন যেটা নির্ধারণ করে রেখেছেন, সেদিন সেটাই হবেÑ এ নিয়ে অযথা প্রশ্ন করা উচিত নয়।
বর্তমানে চাকরির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। গত বছরই প্রথমবারের মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। তাকে দেখা যাবে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ নামের দুটি সিনেমায়, যা পরিচালনা করছেন ঝুমুর আসমা ও সাদেক সিদ্দিকী। নতুন এই যাত্রা নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।