প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম
নতুন স্বপ্ন, নতুন লড়াই আর অজানার আহ্বান নিয়ে শুরু হয়েছে ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই উৎসবের আলোয় মুখর শোবিজ অঙ্গন। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা, কৃতজ্ঞতা আর আগামী দিনের প্রত্যাশার কথা জানাচ্ছেন তারকারা। সেই আবেগঘন তালিকায় শুরু থেকেই নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নতুন বছরের প্রথম দিনেই তিনি ফিরে তাকিয়েছেন গত বছরের কাজ, দর্শকের ভালোবাসা ও নিজের অভিনয়যাত্রার দিকে।
গত বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সিয়াম লিখেছেন, গত বছরটি শুরু হয়েছিল নানা আশঙ্কা ও অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের গুরুত্ব আরও বেশি হয়ে ওঠেÑ মানুষকে বাস্তব জীবনের চাপ থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে নিয়ে যাওয়া, কখনও হাসানো, কখনও কাঁদানো কিংবা নতুন এক জগতে ভ্রমণের সুযোগ করে দেওয়া। একজন শিল্পী হিসেবে সেই দায়িত্ব তিনি গভীরভাবে অনুভব করেছেন বলেই জানান।
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘জংলি’ প্রসঙ্গে আবেগঘন স্মৃতিচারণ করেন সিয়াম। তিনি লেখেন, ঈদের সময় লাখ লাখ মানুষ পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে ‘জংলি’ দেখেছেন। দর্শকের সেই হাসি, কান্না আর ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সিনেমাহলে লুকিয়ে বসে তিনি দেখেছেনÑ কেউ সন্তানকে আগলে ধরে বসে আছে, আবার কারও চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। এসব মুহূর্তের কথা মনে করে সিয়াম লেখেন, দর্শকের ভালোবাসা দেখে তার নিজের চোখও ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না বলেই মনে করেন তিনি।
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় ‘আরমান মনসুর’ নামের একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের কথাও উল্লেখ করেন সিয়াম। তিনি বলেন, দর্শকরা যেমন জনি কিংবা জংলি চরিত্রকে আপন করে নিয়েছেন, তেমনই স্বল্প সময়ের এই চরিত্রটি দেখেও বিস্মিত হয়েছেন। পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ এমনকি আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
একজন অভিনেতা হিসেবে নিজেকে সব সময় নতুনভাবে চ্যালেঞ্জ করার ইচ্ছার কথাও জানান সিয়াম। তার ভাষায়, দর্শকের জন্য ভিন্ন স্বাদের চরিত্র ও নতুন গল্প তুলে ধরাই তার লক্ষ্য। গত বছরের সাড়া তাকে বুঝিয়েছে, সেই চেষ্টায় তিনি কিছুটা হলেও সফল হয়েছেন।
নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সিয়াম লেখেন, এবার নতুন চ্যালেঞ্জের পালা। ২০২৬ সালে দর্শকের জন্য আসছে আরও নতুন চরিত্র, আরও নতুন গল্প। তিনি বলেন, সিনেমা করেন দর্শকের জন্যই, আর দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই তার সবচেয়ে বড় অর্জন। তাই নতুন বছরে এমন গল্প ও চরিত্র নিয়ে আসছেন, যেখানে ‘রাক্ষস’, ‘আন্ধার’-এ আবার ‘জংলি’ হয়ে উঠবে। সবশেষে নিজের বড় পরিবারসম দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পর্দায় আগুন ধরানোর প্রতিশ্রুতি দেন এই অভিনেতা।