মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:৪১ পিএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মহিরুহের প্রয়াণে স্তব্ধ গোটা দেশ। আপসহীন নেতৃত্ব, সংগ্রাম আর সাহসী নারী যিনি যুগের পর যুগ দেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন। সেই মহীয়সী নারী গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষের হৃদয়ে। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে তার প্রয়াণে গভীরভাবে আলোড়িত হয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনও। অভিনয়, সংগীত ও শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক মাধ্যমে শোক, শ্রদ্ধা ও দোয়ার বার্তায় স্মরণ করেছেন এই নেত্রীকে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।
শাকিব খান গভীর শোক জানিয়ে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
চিত্রনায়িকা শবনম বুবলী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।
অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বিদায়কে দেশের জন্য এক কঠিন সময়ের ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।’ জয়া আহসান আরও লেখেন, ‘সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্রÑ সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল।’ তিনি যোগ করেন, ‘তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।’
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি...শ্রদ্ধা।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর ও সংবেদনশীল এক শোকবার্তায় লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতির রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে, তার নেতৃত্ব এবং বছরের পর বছর ধরে জনসেবা বাংলাদেশের ওপর এক স্থায়ী ছাপ রেখে গেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।
সঙ্গীতশিল্পী মনির খান লেখেন, বিদায় মহাকালের গণতন্ত্রের আপোষহীন মহাকবি।
আমরা হারালাম আপোষহীন নেত্রীকে, আর বাংলাদেশ হারালো এক অভিভাবক কে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাত বাসী করেন।
নুসরাত ফারিয়া দোয়ার সঙ্গে শোক প্রকাশ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন।
নায়িকা পরীমনি লিখেছেন, তিনি চলে গেলেন, তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে..।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শোক জানিয়ে লেখেন, বেগম খালেদা জিয়া..আজ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অভিনেত্রী পিয়া জান্নাতুলও শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় এক নাম। শ্রদ্ধা, দোয়া ও স্মরণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তানজিকা আমিন লিখেছেন, ‘একজন অবিচল নেত্রী, মেয়েদের শিক্ষার প্রসারক (দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল) আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’
অভিনেতা আরিফিন শুভ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।’
দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, ফেসবুকে লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি। তার পরিবারের সবার প্রতি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দান করুন।
চিত্রনায়ক সিয়াম আহমেদ, আরশ খান এবং পূজা চেরী খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
অপূর্ব লিখেছেন, ‘মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।’ শোক জানিয়ে সিয়াম আহমেদ লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।’
নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনও হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে সব সময় গর্বের সঙ্গে স্মরণ করবে।’
কিংবদন্তি সংগীতশিল্পী কনকচাঁপা আবেগঘন বার্তায় লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।
দেশের সংগীতাঙ্গনের আরেক কিংবদন্তি নগরবাউল জেমসের পক্ষ থেকেও জানানো হয় গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা। নগরবাউল জেমস তার ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন, আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সংগীতশিল্পী আসিফ আকবরও শোক প্রকাশ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।
এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম খালেদা জিয়ার বিদায় বাংলাদেশের ইতিহাসে রেখে গেল এক গভীর শূন্যতা। ফার্স্ট লেডির ভূমিকা থেকে শুরু করে তিনবারের প্রধানমন্ত্রী, ক্ষমতার শীর্ষে অবস্থান, কারাবরণের কঠিন সময়, শারীরিক অসুস্থতা ও নিরন্তর রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল তার বর্ণাঢ্য জীবনপথ। তাকে ঘিরে যেমন ছিল বিতর্ক, তেমনই ছিল অগণিত অনুসারীর নিঃশর্ত ভালোবাসা ও আস্থা। আজ তিনি নেই, তবে তার নেতৃত্ব, আপসহীন সাহস এবং বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের যে শক্ত উদাহরণ তিনি রেখে গেছেন, তা ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।