প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:১০ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক অনন্য, প্রভাবশালী ও নির্ধারণী ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব ও দীর্ঘ জনসেবার অধ্যায় বাংলাদেশের অগ্রযাত্রায় গভীর ছাপ রেখে গেছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং এই ক্ষতিতে ব্যথিত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাঁকে অসীম শান্তি, রহমত ও মাগফিরাত দান করেন।
বেগম খালেদা জিয়া এক অসাধারণ, সংগ্রামী ও দৃঢ়চেতা জীবনের অধিকারী ছিলেন। দুঃসময় ও প্রতিকূলতার মাঝেও যে সৌন্দর্য, মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে তিনি নিজেকে ধারণ করেছেন—তা আমাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। সংকটেও তাঁর ব্যক্তিত্বের মহিমা ও শালীনতা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশ তাঁকে মনে রাখবে সম্মান, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধার সঙ্গে।
আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন। আমিন।