প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৭ পিএম
টিভি ও ওটিটিÑ দুই মাধ্যমেই গত এক বছরে আলোচনায় এসেছে একঝাঁক নতুন অভিনয়শিল্পী। কেউ একেবারেই নতুন হিসেবে অভিনয়ে পা রেখেছেন, আবার কেউ আগে কাজ শুরু করলেও এ বছর পেয়েছেন পরিচিতি ও দর্শকের নজর। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও মাধ্যমে নিজেদের প্রতিভার জানান দিয়েছেন এই নতুন মুখগুলো।
২০২৩ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন শাম্মী ইসলাম নীলা। তবে অভিনয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এ বছরই। প্রথমবার নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি হাসিব হোসাইন রাখির নির্দেশনায় নির্মিত ‘ফার্স্ট লাভ’ নাটকে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করে সাবলীল উপস্থিতি ও পর্দার আত্মবিশ্বাস দিয়ে দর্শকের দৃষ্টি কেড়েছেন নীলা।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় প্রতিবাদী গান গেয়ে আলোচনায় এসেছিলেন পারশা মাহজাবীন। সেই পরিচিতির পর এ বছর অভিনয়েও আলো ছড়িয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া তার প্রথম ওয়েবফিল্ম ‘ঘুমপরী’ দর্শকপ্রিয়তা পায়। ঊষা চরিত্রে পারশার অভিনয় প্রশংসিত হয়েছে, যা তাকে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলে।
গত অক্টোবরে ওটিটিতে মুক্তি পাওয়া মাহমুদা সুলতানার ওয়েবফিল্ম ‘লিটল মিস ক্যাওস’ দিয়ে পরিচিতি পান দুই তরুণ অভিনয়শিল্পী সাদমিনা বিনতে নোমান ও সাদ নাওভি। বাস্তবধর্মী অভিনয় ও চরিত্রের গভীরতায় তারা দুজনই দর্শকের নজর কাড়েন।
ইমরাউল রাফাতের ওয়েব সিরিজ ‘ওপেন কিচেন’ দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন তাবাসসুম ছোঁয়া। তবে এ বছর ইউটিউবে প্রচারিত নাটক ‘দেনা পাওনা’তে নিপা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
২০২৩ সালে সাগর জাহানের পরিচালনায় ‘ভালোবাসার অলিগলি’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান মিষ্টি ঘোষ। তবে প্রকৃত পরিচিতি পান এ বছর দীপ্ত টিভির অভিনয়ভিত্তিক রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ চ্যাম্পিয়ন হয়ে। এরপর তিনি যুক্ত হন দীপ্ত টিভির মেগা ধারাবাহিক ‘খুশবু’-তে।