বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৩ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৩:৪২ পিএম
বলিউড কিং শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এর মধ্যে পূর্বঘোষণা অনুযায়ী মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে নেট দুনিয়ায় মুক্তি পেল ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। প্রথম গান ‘বেশরম রং’ আগেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। তার সঙ্গে তৈরি করেছিল বিতর্কও। আর দ্বিতীয় গান মুক্তির আগে থেকেই যে অপেক্ষা করে বসেছিলেন দর্শকেরা। তাই মুক্তি পাওয়া মাত্র নজর কাড়ল এই গানের ভিউ।
এদিন বেলা ১১টায় নির্মাতা যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। মাত্র কয়েক মিনিটেই নজর কাড়ছে গানের ভিউ থেকে লাইকের সংখ্যা। ‘ঝুমে যো পাঠান’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও সুকৃতি কক্কর। গানের দৃশ্য থেকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। কমেন্ট বক্সে ভক্তরা জানিয়েছেন প্রতিক্রিয়া।
ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে গানটি। পশ্চিমা ধাঁচের এই গানটির সাথে শাহরুখ-দীপিকার পোশাকও দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। শাহরুখ-দীপিকার পেছনে নাচতে দেখা গেছে একঝাঁক নৃত্যশিল্পীকে।
এই গান প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘আমরা যখন ঝুমে যো পাঠান গানটির পরিকল্পনা করছিলাম, আমরা নিশ্চিত ছিলাম যে শাহরুখের গানটি অরিজিৎ সিংকে দিয়ে করাব। তিনি আমাদের দেশের একনম্বর গায়ক। আমরা চেয়েছিলাম তিনি আমাদের চিরসবুজ সুপারস্টারের জন্য গানটি করুক। অরিজিৎ তার জাদু দেখিয়েছেন আর গানের তালে নাচে মাতিয়েছেন শাহরুখ-দীপিকা।’
২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম। এতে শাহরুখ খান-দীপিকা ছাড়াও জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরও অনেকে অভিনয় করেছেন।