খালিদ আহমেদ রাজা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৩ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। ছোটপর্দার নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। নির্মাতা ও দর্শকদের কাছে তার বাড়তি চাহিদাও রয়েছে। নাটকের বাইরেও ওটিটির কাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। বছরের শেষ সময়টায় এসেও নতুন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সামিরা।
সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি ধারাবাহিক কাজ। নারীপ্রধান গল্পের এই নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। বেশ কয়েকজন মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়েছে এই ধারাবাহিকটি।
কাজটি প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, গল্পটি মূলত কয়েকজন মেয়ের জীবনী নিয়ে করা হয়েছে। পাওয়া-না পাওয়া, সংগ্রাম, জীবনের নানা টানাপড়েন উঠে এসেছে নাটকের গল্পের মাধ্যমে। প্রত্যেকের জীবন অধ্যায় আলাদা হলেও কখনও কারও সঙ্গে কিছু বিষয় মিলে যায়। কিন্তু প্রাপ্তিটাও যেন সবার এক না। এক কথায় সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। তবে বাস্তব জীবনের কিছু বার্তাও রয়েছে এতে। তিনি বলেন আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগবে।
অন্যদিকে আরও একটি নতুন খবর দিলেন সামিরা খান মাহি। বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এ নিয়ে মাহি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না তবে দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মাহির বড়পর্দায় অভিষেক নিয়ে তার ভক্তরা বেশ কৌতূহলী। একাধিকবার তার সিনেমায় অভিনয় করার বিষয়ে আলোচনাও হয়েছে। এ বিষয়ে মাহি বলেন, আপাতত সিনেমা নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। আমি নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে ভালো আছি। কারণ এ জায়গায় দর্শকদের ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত, যা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। বড়পর্দায় যে কাজ করতেই হবেÑ এমনটা নয়।
নতুন বছর প্রসঙ্গে জানতে চাইলে মাহি বলেন, এ বছরের শুরুটা খুব ধীরগতিতে ছিল। তবে ধীরে ধীরে কাজের গতি বেড়েছে ইন্ডাস্ট্রিতে। আমি বিশ্বাস করি, আগামী বছর কাজের জন্য খুব ভালো একটি বছর হতে চলেছে।