প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩০ পিএম
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বিটিভির উদ্যোগে। দেশের ব্যান্ড সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও সুরকার ফোয়াদ নাসের বাবু একসঙ্গে কাজ করে তৈরি করেছেন ১০টি নতুন গান, যা পরিবেশন করবে দেশের ১০টি জনপ্রিয় ব্যান্ড। বিটিভির বিশেষ আয়োজন ‘ব্যান্ড উৎসব ২০২৫’ অনুষ্ঠানের জন্যই এই গানগুলো নির্মিত হয়েছে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর রাত ১০টায় দুই পর্বে অনুষ্ঠানটি প্রচার হবে।
এই উৎসবে অংশ নিচ্ছে ব্যান্ড ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, দলছুট, শিরোনামহীন, নির্ঝর, তরুণ, পার্থিব, পেন্টাগন ও নোভা। প্রতিটি ব্যান্ডের জন্য আলাদা করে লেখা ও সুর করা হয়েছে নতুন গান, যা এই আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা। প্রথম পর্বে, ৩০ ডিসেম্বর, মঞ্চে পারফর্ম করবে নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ ও শিরোনামহীন। দ্বিতীয় পর্বে, ৩১ ডিসেম্বর, গান শোনাবে পার্থিব, পেন্টাগন, ফিডব্যাক, নোভা ও সোলস।
গোলাম মোর্শেদের প্রযোজনায়, আহমেদ তেপান্তরের গ্রন্থনায় এবং শারমিন নিগারের শিল্পনির্দেশনায় বিটিভির নিজস্ব সেটে গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন ফেরদৌস বাপ্পী। গান পরিবেশনের পাশাপাশি প্রতিটি ব্যান্ডের সদস্যরা তাদের নতুন গান ও ব্যান্ডযাত্রা নিয়ে কথা বলবেন। এই আলোচনায় অংশ নেবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও সুরকার ফোয়াদ নাসের বাবুও।
শহীদ মাহমুদ জঙ্গীর মতে, বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এই প্রথম একক কোনো অনুষ্ঠানের জন্য ১০টি ব্যান্ড ১০টি নতুন গান গেয়েছে, যেখানে সব গানের কথা ও সুর একই দুজনের। তার মতে, এটি তরুণ প্রজন্মের জন্য কাজ করার একটি বড় সুযোগ। প্রতিটি ব্যান্ডের স্বকীয়তা বজায় রেখে গান তৈরি করা কঠিন হলেও দলগতভাবে কাজটি উপভোগ করেছেন তারা।
সুরকার ফোয়াদ নাসের বাবুর ভাষায়, এত অল্প সময়ে এতগুলো ব্যান্ডের জন্য মৌলিক সুর তৈরি করা আগে কখনও হয়নি। কাজের ফল কেমন হয়েছে, তা শ্রোতাই বিচার করবেন বলে মন্তব্য করেন তিনি।