প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:২৬ পিএম
এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল। সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে করা নাটকগুলোতে সাবলীল অভিনয়, স্বাভাবিক রসায়ন আর গল্পের আবেগ মিলিয়ে তারা হয়ে উঠেছেন দর্শকের পছন্দের নাম। সেই ধারাবাহিকতায় আবারও এই জনপ্রিয় জুটিকে দেখা যাচ্ছে নতুন নাটক ‘কোটিপতি’-তে, যা মুক্তির পর থেকেই দর্শকের কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
সুন্দর গল্প ও বাস্তবধর্মী অভিনয়ে নির্মিত নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নির্মাণে রয়েছেন এসআর মজুমদার। গত ২৬ ডিসেম্বর নাটকটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।
কেয়া পায়েলের মতে, জোভানের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা বরাবরই আনন্দের। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘সুইটহার্ট’, ‘শ্বশুরবাড়ি’, ‘তেলবাজ’, ‘টিকটকার বউ’, ‘নকলবাজ’, ‘প্রথম প্রেম’, ‘স্যারের বিয়ে’, ‘ইতির ঈদি’, ‘পসেসিভ ওয়াইফ’সহ একাধিক জনপ্রিয় নাটকে। প্রায় প্রতিটি কাজেই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান তিনি। ‘কোটিপতি’ নাটকের মূল শক্তি এর গল্প। গল্প ভালো হওয়ায় কাজ করতেও ভীষণ ভালো লেগেছে। পুরো ইউনিট আন্তরিকভাবে কাজ করেছে এবং দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই তার বিশ্বাস।
নাটকের গল্পে দেখা যাবে, জোভান একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ একসময় সে কোটিপতি হয়ে যায়। কিন্তু সেই সত্য সে পরিবারের কাছে গোপন রাখতে চায়। তার ধারণা, ধনসম্পদের পরিচয় প্রকাশ পেলে মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ, সহজ-সরল অনুভূতিগুলো আর আগের মতো থাকবে না। এই ভাবনা, দ্বন্দ্ব আর আবেগকে কেন্দ্র করেই এগিয়ে যায় ‘কোটিপতি’-র গল্প।