প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
বড়দিনের আনন্দে দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হলো হলিউডের দুই ভিন্ন স্বাদের সিনেমা। গত ২৫ ডিসেম্বর একযোগে মুক্তি পেয়েছে ভয় ও রোমাঞ্চে ভরা নতুন ‘অ্যানাকোন্ডা’ এবং শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি দর্শকের প্রিয় অ্যানিমেশন ছবি ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’।
অ্যানাকোন্ডা
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ভয়ংকর সাপের গল্প নিয়ে নির্মিত ‘অ্যানাকোন্ডা’ তখন বক্স অফিসে বেশ আলোড়ন তুলেছিল। পরবর্তীতে ২০০৪ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘অ্যানাকোন্ডাস : দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড’। এরপর আরও কয়েকটি সিনেমা নির্মিত হলেও ২০২০ সালে সনি পিকচার্স নতুনভাবে এই ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পায় অ্যাকশন-কমেডি ঘরানার নতুন ‘অ্যানাকোন্ডা’, যা মূল সিনেমার সরাসরি রিমেক নয়, বরং একটি মেটা-রিবুট।
এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ডগ ও গ্রিফ নামের দুই বন্ধুকে ঘিরে। মধ্যবয়সি জীবনের সংকট থেকে বেরিয়ে আসতে তারা সিদ্ধান্ত নেয় শৈশবে দেখা প্রিয় সিনেমা ‘অ্যানাকোন্ডা’ নতুনভাবে রিমেক করার। সীমিত বাজেটের সিনেমা বানাতে তারা পাড়ি জমায় আমাজনের গভীর জঙ্গলে। কিন্তু শুটিং শুরু হতেই একের পর এক বিপদ সামনে আসে। টম গোর্মিকানের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেনÑ পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জ্যান, থান্ডিওয়ে নিউটন, ড্যানিয়েলা মেলচিওর ও সেলটন মেলো। কমেডি ও থ্রিলারের মিশেলে সিনেমাটি দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস
অন্যদিকে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজের নতুন সিনেমা ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর থেকে এটি প্রদর্শিত হচ্ছে দেশের হলে। হলুদ স্পঞ্জ চরিত্র স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসের মজার ও রোমাঞ্চকর জীবন নিয়ে তৈরি এই সিনেমা আবারও দর্শকদের ফিরিয়ে নিয়েছে বিকিনি বটম শহরে।
এই গল্পে স্পঞ্জবব তার প্রিয় পোষা শামুক গ্যারিকে হারিয়ে ফেলে। গ্যারির সন্ধানে তাকে সমুদ্রের গভীরে এক রোমাঞ্চকর অভিযানে বের হতে হয়। পথে তার মুখোমুখি হতে হয় ভয়ংকর ফ্লাইং ডাচম্যানসহ নানা ভিলেনের।