ফিরে দেখা ২০২৫
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১ পিএম
সময় গড়ানোর সঙ্গে আরও একটি বছর বিদায় নিচ্ছে। ২০২৫ সালে দেশের বিনোদনাঙ্গনে ছিল চমক, বিতর্ক, গ্রেপ্তার, আগুনÑ যা কখনও হাসিয়েছে, কখনও চমকে দিয়েছে, আবার মুহূর্তেই ভাইরালও হয়েছে। বছরের ১০টি টক অব দ্য শোবিজ ঘটনা এক নজরে-
বাবা হওয়ার খবরে জেমস
আবারও বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস। গত জুন মাসে স্ত্রী নামিয়ার কোলজুড়ে আসে তার ছেলে। তার নাম রাখা হয়েছে জিবরান আনাম। গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। তবে এ ঘটনা প্রকাশ্যে আসে চলতি বছরের অক্টোবর মাসে।
বিসিবিতে আসিফ আকবর
চলতি বছরে অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্রিকেট বোর্ডের পরিচালক পদে বিনা ভোটে নির্বাচিত হয়ে আলোচনায় ছিলেন সংগীততারকা আসিফ।
এয়ারপোর্টে নুসরাত ফারিয়ার আটক
মে’তে থাইল্যান্ডগামী ফারিয়াকে বিমানবন্দরে গ্রেপ্তার করে ইমিগ্রেশন, কারণ ভাটারা থানার এক মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
পরীমনি ও গৃহকর্মী অভিযোগ
সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী পিংকি থানায় অভিযোগ করেন।
তাহসানের গান ছাড়ার ঘোষণা
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত-শ্রোতারা পেলেন অপ্রত্যাশিত খবর। গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। সামাজিক গণমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই সিদ্ধান্ত— দুটিই যেন ইঙ্গিত করছে, তাহসান এখন নিজের ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতে চান।
তারকাহীন মনোনয়ন তালিকা
জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণায় বিএনপির সঙ্গে যুক্ত শোবিজ তারকারা আলোচনায় থাকলেও মনোনয়ন পাননি কেউ। এদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মনির খান, আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু।
বাতিল একের পর এক কনসার্ট
নিরাপত্তা ইস্যুতে কিংবদন্তি জেমস, আলী আজমত ও আতিফ আসলামের কনসার্টসহ দেশ-বিদেশ মিলিয়ে বহু শো বাতিল; আর্থিক ক্ষতির মুখে পড়েন শিল্পী ও আয়োজকরা। ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলামের কনসার্ট। তারও আগে ১৪ নভেম্বর ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয় কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আলী আজমতের কনসার্টও। পাশাপাশি দেশের বাইরের নানা জায়গায় পারফর্ম করার কথা থাকলেও সেগুলো একে একে বাতিল হচ্ছে বলেও শোনা যাচ্ছে।
ছায়ানট ও উদীচীতে আগুন
গত ২০ ডিসেম্বরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। জানা গেছে, ঘটনার সন্ধ্যায় একদল লোক কার্যালয়ে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ১৪/২ তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আগুনের সংবাদ পাওয়া যায়।
বিটিভিতে আবারও ‘নতুন কুঁড়ি’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছে শিশু-কিশোরদের আইকনিক প্রতিভা প্লাটফর্ম নতুন কুঁড়ি, যা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।
তানজিন তিশা ও শাড়ি বিতর্ক
জানুয়ারিতে প্রোমোশনের শর্তে জামদানি শাড়ি নিলেও ১০ মাসেও প্রচারণা না করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। প্রমাণ হিসেবে ভয়েস ও মেসেজ স্ক্রিনশট পাঠান উদ্যোক্তা, দাবি করেনÑ পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিশা।