প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম
বিজয়ের মাস উছ্যাপন উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আগামীকাল থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘প্রাণে আনো গান’। ঢাকা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে সংগীত, কারুশিল্প ও চিত্রকলার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সমকালীন জীবনধারার নানা দিক তুলে ধরা হবে।
আয়োজকদের ভাষ্য, দেশের সংস্কৃতিচর্চা ও সাধনাকে আরও গতিময় ও বহুমাত্রিক করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এ আয়োজন।
উৎসবের মূল সংগীতানুষ্ঠান প্রতিদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের লেভেল-৪–এ অনুষ্ঠিত হবে। চার দিনে শাস্ত্রীয় সংগীত, লোকগান, নজরুল ও রবীন্দ্রসংগীত, জীবনমুখী গান, কবিতা পাঠ, আবৃত্তিসহ নানা পরিবেশনা থাকছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় আয়োজনটির উদ্বোধন করবেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।