প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম
তানিয়া বৃষ্টি
টেলিভিশন নাটক থেকে বড় পর্দা- দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা ও চরিত্র বাছাইয়ের সচেতনতার জন্য আলাদা করে নজর কেড়েছেন তানিয়া বৃষ্টি। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা বরাবরই তার কাজে স্পষ্ট।
অভিনয়ের ব্যস্ততা, গল্পনির্ভর চরিত্রে আগ্রহ আর দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরার প্রস্তুতি- সব মিলিয়ে এখন তার কাজের সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নতুন নাটক ও আসন্ন সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন তানিয়া বৃষ্টি।
এই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন নাটক ‘সাইফুল লাইব্রেরি’। গ্রামের একটি ছোট লাইব্রেরিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকের গল্পে উঠে এসেছে দুই তরুণ-তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও বিচ্ছেদের পর পুনর্মিলনের আবেগঘন অধ্যায়। গল্পটি লিখেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন রুবেল আনুশ। গ্রামীণ বাস্তবতা, বইয়ের প্রতি ভালোবাসা এবং মানবিক সম্পর্কের টানাপড়েন- সব মিলিয়ে নাটকটি একটি ইতিবাচক বার্তা দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তানিয়া বৃষ্টির ভাষায়, ‘গল্পটা আমাকে ভীষণভাবে টেনেছে। খুব সাধারণ একটি প্রেক্ষাপটে দারুণ একটি বার্তা রয়েছে। কাজটি করতে গিয়ে ভালো লেগেছে, আশা করছি দর্শকের কাছেও ভালো লাগবে।’ নাটক ও সিনেমা- দুই জায়গাতেই নতুন কাজের মাধ্যমে নিজেকে আরও একধাপ এগিয়ে নিতে চাইছেন তানিয়া বৃষ্টি।