প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
বড়পর্দার গণ্ডি পেরিয়ে গুপ্তচর রোমাঞ্চের কিংবদন্তি জেমস বন্ড এবার হাজির হচ্ছেন ঘরে বসে দেখার অভিজ্ঞতায়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া চরিত্র, অ্যাকশন আর স্টাইলকে একসঙ্গে উপভোগ করার সুযোগ এনে দিচ্ছে নেটফ্লিক্স। দীর্ঘদিন পর আবারও একাধিক বন্ড সিনেমা এক প্লাটফর্মে আসতে চলেছে।
অ্যামাজন এমজিএম স্টুডিওর সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় এই সিনেমাগুলো নেটফ্লিক্সে আসছে। ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান ভাষী দেশগুলো, লাতিন আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকরা বন্ডের জনপ্রিয় সিনেমাগুলো উপভোগ করতে পারবেন। যদিও এই সুযোগটি স্থায়ী নয়। চুক্তির শর্ত অনুযায়ী, সিনেমাগুলো মাত্র তিন মাসের জন্য প্লাটফর্মটিতে উপলভ্য থাকবে।
নেটফ্লিক্সে যুক্ত হওয়া তালিকায় রয়েছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত সর্বশেষ বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’। পাশাপাশি দেখা যাবে আগের সময়ের জনপ্রিয় সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ এবং দর্শক-সমালোচক প্রশংসিত ‘স্কাইফল’। ভিন্ন ভিন্ন সময়ের এই সিনেমাগুলো একসঙ্গে আসায় বন্ড চরিত্রের বিবর্তন নতুন করে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
শুধু জেমস বন্ড নয়, অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিনেমাও নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত চলচ্চিত্র এবং বহুল জনপ্রিয় ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো। ফলে অ্যাকশন থেকে শুরু করে স্পোর্টস ড্রামা ও কমেডিÑ বিভিন্ন ঘরানার কনটেন্টে সমৃদ্ধ হচ্ছে নেটফ্লিক্সের লাইব্রেরি।
এদিকে নতুন জেমস বন্ড সিনেমার অপেক্ষা দীর্ঘই হচ্ছে। পরিচালক দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। সেই দীর্ঘ বিরতির সময়ে নেটফ্লিক্সে বন্ড সিনেমাগুলোর আগমন ভক্তদের আগ্রহ ও উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।