প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬ পিএম
মুম্বাইয়ের ব্যস্ত রাজপথে মুহূর্তের অসতর্কতা কখনোই ছোট ঘটনা নয়Ñ এ সত্যের সঙ্গে মুখোমুখি হতে হলো বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে। আলো-ঝলমলে মঞ্চে ওঠার মাত্র কয়েক মুহূর্ত আগে তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের জনবহুল রাস্তায় একটি বেসামাল গাড়ি আচমকা নোরা ফাতেহির গাড়িতে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সজোরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নোরাকে হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগায় চিকিৎসকরা সতর্কতার সঙ্গে সিটি স্ক্যান করেন। রিপোর্টে স্বস্তির খবর মিলেছেÑ মস্তিষ্কে রক্তক্ষরণ বা গুরুতর আঘাতের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
তবুও নোরা ফাতেহি যেন হার মানেননি। মাথার যন্ত্রণার মধ্যেও তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। সেই সময় তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সুপারস্টার, মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজনে একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য।
দুর্ঘটনার ধাক্কা সামলেই নোরা তার অদম্য মনোবল ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। গাড়িতে উঠে তিনি শেষপর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন। ভক্তরা তার এই দৃঢ় মনোভাব ও দায়িত্বপরায়ণতার প্রশংসা করেছেন।
নোরা ফাতেহির এই ঘটনা প্রমাণ করে, শুধু ট্যালেন্ট বা জনপ্রিয়তাই নয়Ñ দৃঢ় মনোবল, সাহস এবং পেশাদারত্বের সংমিশ্রণই একজন শিল্পীকে সত্যিই আলাদা করে তুলে। আহত অবস্থাতেও তিনি যে মঞ্চে দাঁড়াতে পারবেনÑ তা দেখিয়ে দিলেন নোরা এবং এই দৃঢ়তা ভক্তদের মনে দীর্ঘসময় ধরে প্রেরণার ছাপ রাখবে।