× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ পিএম

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

দীর্ঘ প্রায় তিন দশকের এক ঐতিহাসিক অধ্যায়ের ইতি টেনে এ বছরের মে মাসে দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্টের চরিত্রে শেষবারের মতো পর্দায় হাজির হয়েছেন টম ক্রুজ। ১৯৯৬ সালে ‘মিশন : ইম্পসিবল’ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা শেষ হয়েছে অষ্টম কিস্তি ‘মিশন : ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এর মাধ্যমে। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে প্রায় ৬০০ মিলিয়ন ডলার, যা আবারও প্রমাণ করেছে টম ক্রুজের তারকাখ্যাতি ও বক্স অফিস দাপট।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এক জার্নিতে পা রাখলেন হলিউডের এই সুপারস্টার। এবার তিনি যুক্ত হয়েছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ। ইনারিতুর পরিচালনায় টম ক্রুজ কাজ করছেনÑ এ খবর আগেই আলোচনায় ছিল। তবে ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে সিনেমাটির শিরোনাম, পোস্টার এবং ৫০ সেকেন্ডের একটি অ্যানাউন্সমেন্ট টিজার।

ওয়ার্নার ব্রস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ডিগার’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এই সিনেমায় টম ক্রুজকে দেখা যাবে একেবারেই ভিন্ন ঘরানায়। চেনা অ্যাকশন হিরোর বদলে এবার তিনি হাজির হচ্ছেন কমেডি চরিত্রে। টিজারে দেখা যায়, একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় বেলচা হাতে নাচতে নাচতে ঢুকছেন টম। পরবর্তী দৃশ্যে একইভাবে বেলচা হাতে নাচতে নাচতে তাকে দেখা যায় একটি জাহাজে, রেলিং ধরে হাঁটতে।

সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ‘রকওয়েল’ নামের একটি চরিত্রে। আলো-আঁধারিতে দেখানো টিজার থেকেই বোঝা যায়, সম্পূর্ণ নতুন লুক ও ভিন্ন মাত্রার অভিনয় নিয়ে হাজির হবেন তিনি। গল্পের বিস্তারিত এখনও গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে, মানবতার ত্রাণকর্তারূপে এক ভয়ংকর মিশনে নামবেন রকওয়েল; যাকে দেখানো হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র হিসেবে।

‘দ্য রেভেন্যান্ট’-এর পর ‘ডিগার’ দিয়েই আবার ইংরেজি ভাষার সিনেমা নির্মাণে ফিরছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। যুক্তরাজ্যে প্রায় ছয় মাস ধরে হয়েছে এর শুটিং। অভিনয়ের পাশাপাশি নির্মাতার সঙ্গে যৌথভাবে সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত হয়েছেন টম ক্রুজ। ছবিতে আরও অভিনয় করেছেন সান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড, রিজ আহমেদ ও এমা ডি’আর্সি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা