প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:০১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:০২ পিএম
ঢাকার নাট্যজগতে শৈল্পিক বৈচিত্র্য এবং নতুন সম্ভাবনার এক উৎসব শুরু হয়েছে। দেশের নবীন ও প্রবীণ নাট্যনির্দেশকরা একত্রিত হয়ে ‘নবীন-প্রবীণ নাট্যমেলা-২০২৫’ আয়োজন করেছেন, যা নাট্যপ্রেমীদের জন্য আনবে আট দিনব্যাপী মঞ্চময় আনন্দ। গতকাল শুক্রবার শুরু হওয়া এই নাট্যমেলা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এই নাট্যমেলা ঘিরে রয়েছে দর্শক ও শিল্পীদের প্রত্যাশা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজনকৃত এই উৎসবে দর্শকরা দেখতে পাবেন দেশের নবীন ও প্রবীণ নির্দেশকদের আটটি নির্বাচিত নাট্যপ্রযোজনার সমন্বয়, যেখানে থাকবে সমকালীন নাটকের তাজা ভাবনা এবং ক্লাসিক ধারার মাধুর্য। নাট্যপ্রেমীরা সেখান থেকে পাবেন এক অনন্য ও বৈচিত্র্যময় মঞ্চানুভূতি।
গতকাল সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে উদ্বোধক হিসেবে ছিলেন নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন নাট্যতীর্থের দলপ্রধান ও নাট্যমেলার আহ্বায়ক তপন হাফিজ। উদ্বোধনী দিনের নাটক হিসেবে মঞ্চস্থ হয়েছে তীরন্দাজ রেপার্টরির ‘কণ্ঠনালীতে সূর্য’, যা দর্শকদের সামনে তুলে ধরবে শিল্প ও অভিনয়ের এক সমন্বিত নান্দনিক দৃষ্টিভঙ্গি।
মেলা চলাকালীন প্রদর্শিত হবে আরও কিছু নাটক, যেমনÑ আরণ্যকের ‘রাঢ়াঙ’, বাতিঘরের ‘প্যারাবোলা’, বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’, নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’, ঢাকা থিয়েটারের ‘ঘরজামাই’ এবং পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’। বিশেষ আকর্ষণ হিসেবে ২৫ ডিসেম্বর বিকালে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রবীণের ঐতিহ্যালোকে নবীনের শিল্পযাত্রা’ শীর্ষক সেমিনার। মেলার সমাপনী অনুষ্ঠানে, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘মেরাজ ফকিরের মা’, যা এই নাট্যমেলার বন্ধনকে শক্তিশালী ও স্মরণীয় করে তুলবে।
‘নবীন-প্রবীণ নাট্যমেলা-২০২৫’ দর্শকদের জন্য আনবে নাটকের স্বাদ, সৃজনশীলতা এবং বাংলাদেশের নাট্যসংস্কৃতির এক অনন্য পরিচয়, যা নতুন প্রজন্মের প্রতিভাকে প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে।