ফিরে দেখা-২০২৫
মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫২ পিএম
২০২৫ সাল বাংলা চলচ্চিত্রের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর এক শক্তিশালী বছর। প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো, বড় বাজেটের সিনেমায় বিনিয়োগ এবং তারকা-নির্ভর গল্প- সব মিলিয়ে এ বছর বাংলা সিনেমা আবারও বাণিজ্যিক আলোচনায় ফিরে আসে।
প্রায় ৪৫টির মতো সিনেমা মুক্তি পেলেও এর মধ্যে অল্প কয়েকটি ছবি সত্যিকার অর্থে ব্যবসাসফল হয়ে ওঠে। বিশেষ করে ঈদকেন্দ্রিক মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শকের ভিড় টানতে সক্ষম হয়। এসব ব্যবসাসফল সিনেমাগুলো নিয়েই থাকছে আজকের প্রতিবেদন।
বরবাদ
এই সাফল্যের তালিকায় সবার আগে যে নামটি উঠে আসে, তা হলো ‘বরবাদ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি ২০২৫ সালের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যগুলোর একটি। অ্যাকশন, প্রেম ও প্রতিশোধের গল্পে নির্মিত ছবিটি দর্শককে শুরু থেকেই ধরে রাখে। শাকিব খানের উপস্থিতি, উচ্চ বাজেটের অ্যাকশন দৃশ্য ও জনপ্রিয় গান সিনেমাটিকে মাসের পর মাস প্রেক্ষাগৃহে টিকিয়ে রাখে। ব্যবসার অঙ্কে ‘বরবাদ’ শুধু এগিয়ে যায়নি, বরং বছরের মানদণ্ডও তৈরি করে দিয়েছে।
তাণ্ডব
অ্যাকশন ঘরানার আরেকটি আলোচিত নাম ছিল ‘তাণ্ডব’। মুক্তির পরপরই সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে। অপরাধজগৎ, ক্ষমতার লড়াই ও ভয়ংকর প্রতিশোধের গল্পে নির্মিত এই ছবি প্রমাণ করে যে বড় বাজেটের বাণিজ্যিক সিনেমার জন্য দর্শকের আগ্রহ এখনও অটুট। প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি আয় করে ‘তাণ্ডব’ ২০২৫ সালের অন্যতম বড় হিট হিসেবে জায়গা করে নেয়।
দাগী
অন্যদিকে একই ঈদে মুক্তি পাওয়া ‘দাগী’ ছিল ভিন্ন ধারার এক অভিজ্ঞতা। সমাজের চোখে অপরাধীর তকমা পাওয়া এক মানুষের ভেতরের লড়াই ও নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প দর্শকদের ছুঁয়ে যায়। আফরান নিশোর সংযত অভিনয় এবং বাস্তবধর্মী নির্মাণের কারণে সিনেমাটি মাল্টিপ্লেক্সকেন্দ্রিক দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। প্রায় ৫.৭৯ কোটি টাকা আয় করে এটি প্রমাণ করে যে কনটেন্ট-নির্ভর সিনেমাও ব্যবসায় সফল হতে পারে।
উৎসব
বছরের আরেকটি উল্লেখযোগ্য সাফল্যে সিনেমা ছিল ‘উৎসব’। পারিবারিক সম্পর্ক, স্মৃতি আর আবেগের গল্পে নির্মিত এই সিনেমা দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। চঞ্চল চৌধুরী ও জয়া আহসানের অভিনয় সিনেমাটিকে আরও গভীর করে তোলে। অ্যাকশন নয় বরং অনুভূতির শক্তিতেই ‘উৎসব’ প্রায় ১৩ কোটি টাকা আয় করে দেখিয়ে দেয় যে ভালো গল্পের কদর এখনও রয়েছে।
জংলি
ঈদুল ফিতরের আরেকটি আলোচিত সিনেমা ‘জংলি’। শহুরে তরুণের জীবনের বেপরোয়া বাস্তবতাকে তুলে ধরে। প্রেম, অপরাধ আর বেঁচে থাকার সংগ্রামে জড়িয়ে পড়া এক তরুণের গল্প দর্শকদের আকর্ষণ করে। বিনোদনধর্মী নির্মাণ ও তারকাবহুল অভিনয়ের কারণে সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়।
ইনসাফ
এ তালিকার আরেক নাম ‘ইনসাফ’Ñ যা ন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো এক মানুষের গল্প। সমাজের ক্ষমতাবানদের অন্যায়ের মুখোমুখি হয়ে ন্যায়ের পথ বেছে নেওয়ার এই কাহিনি অ্যাকশনপ্রেমী দর্শকদের কাছে দারুণ সাড়া ফেলে। বাণিজ্যিক বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা দেওয়ায় ‘ইনসাফ’ও ২০২৫ সালের সফল সিনেমাগুলোর কাতারে উঠে আসে।