প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৮ পিএম
দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আলোচনায়। একদিকে ফিরেছেন দর্শকপ্রিয় অন্তরা, অন্যদিকে যুক্ত হয়েছেন নতুন চরিত্র স্পর্শ। ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত ফারিয়া শাহরিনের প্রত্যাবর্তন এবং নতুন চরিত্রে অর্চিতা স্পর্শিয়ার যুক্ত হওয়ায় ধারাবাহিকটির পঞ্চম সিজনে নতুন করে জমে উঠেছে দর্শকের আগ্রহ ও আলোচনা।
এই ধারাবাহিক নানা সময়েই নানা চরিত্রের কারণে আলোচনায় এসেছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অন্তরা চরিত্রটি। কয়েক বছর ধরে ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সিজনগুলোতে ফারিয়া শাহরিনকে না পেয়ে দর্শকরা অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান হয়েছে পঞ্চম সিজনে তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।
নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছিলেন, ‘তোমরা কি আমাকে মিস করেছিলে? অন্তরা কিন্তু চলে এসেছে।’ পোস্টটিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘অন্তরা ছাড়া ব্যাচেলর পয়েন্ট অসম্পূর্ণ।’ পঞ্চম সিজনে নতুন চরিত্র নিয়ে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। তার চরিত্রের নাম স্পর্শ। তিনি বলেন, ‘বাস্তব জীবনেও সবাই আমাকে স্পর্শ বলেই ডাকে। তাই নাটকেও এই নামটা পেয়ে ভালো লেগেছে।’ চরিত্রটি ব্যাচেলরদের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে আসেÑ ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে। তার উপস্থিতিকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার পরিস্থিতি। তবে গল্পের মোড় নিয়ে আগেভাগে কিছু বলতে চান না তিনি।
স্পর্শিয়া জানান, তিনি বরাবরই বাছাই করে কাজ করেন। তার ভাষায়, ‘সাম্প্রতিক সময়ে সিরিয়াস ধরনের কাজ বেশি করেছি। ব্যাচেলর পয়েন্টের মতো মজার একটি ধারাবাহিকে ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।’ তিনি আরও বলেন, ‘সব বয়সি মানুষ এই সিরিজ দেখে, যুক্ত হওয়ার আগেই সেটা বুঝেছিলাম। আমার পর্ব প্রচারের পর তা আরও স্পষ্ট।’