প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম
খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দেলুপি’। ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেয়ে দর্শক সমালোচকের প্রশংসা পেয়েছে। এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে। উৎসবটির চলতি বছরের আসরে নির্বাচিত হয়েছে ছবিটি।
ইউরোপের এই উৎসবটি বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। সিনেমাটি নির্মাণ করেছে মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম সিনেমা। আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর। সেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ‘দেলুপি’ বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে বলে নিশ্চিত করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।
রটারড্যামে দেলুপির যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরই প্রথমে দেখাব। আর সেই সঙ্গে আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষকে সিনেমাটা দেখানোর। তো আমাদের এই ইচ্ছাটা ফেস্টিভ্যালের অর্গানাইজারদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষ দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’ ফেস্টিভ্যালের ‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে ‘দেলুপি’র। চলচ্চিত্রনির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।