বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:০৭ পিএম
বলিউডের আলোচিত অভিনেত্রী ও মডেল গওহর খান। অভিনয় থেকে কিছুটা দূরে সরে যাওয়া এই অভিনেত্রী এবার নিজের মাতৃত্বের সুখবর দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে নিজের মা হওয়ার সুখবরটি দেন ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী। এটি তার প্রথম সন্তান।
ভিডিওতে গওহর খান বলেন, ‘জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে, এখন আমরা তিন।’ ভিডিওটির ক্যাপশনে ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’
গওহর ও জায়েদের সম্পর্ক শুরু হয় করোনার সময়। এ সময় তাদের মুম্বাইয়ের বিভিন্ন শপে একসঙ্গে শপিং করতে দেখা যায়। গণমাধ্যমকর্মীদের থেকে লুকানোর জন্য সবসময় মাস্ক পরে থাকতেন তারা। বিষয়টি পরবর্তীতে সবার সামনে তারাই নিয়ে আসেন। করে ফেলেন বিয়েও। এবার সন্তান আসছে তাদের পরিবারে।
গওহর তার অনাগত সন্তানের খবর সবাইকে দেওয়ার সঙ্গে সঙ্গে অভিনন্দনে ভাসছে এ পরিবার। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা। মন্তব্যবক্সে অনেকেই দিচ্ছেন সতর্ক থাকার পরামর্শ।
বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এ ব্যবধান তাদের সম্পর্কে বাধা হতে পারেনি। একে অন্যের হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে। এখন অনাগত সন্তানের অপেক্ষায় দুই পরিবার।
গওহর খান ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দুই দশক হতে চলছে। মডেলিং ও অভিনয় দিয়ে শুরু হলেও খুব বেশি নাম করতে পারেননি তিনি। তবে উপস্থাপনায় তার সুনাম রয়েছে বেশ। এ ছাড়া বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় ছিলেন তিনি।