প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৭ পিএম
নিয়মিত টেলিভিশন নাটকে না দেখালেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দর্শকরা মাঝে মাঝে দেখেন সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘ডাক্তার বাড়ি’-তে অভিনয় করেছেন তিনি। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে এটি সম্প্রচারিত হবে।
২০১২ সাল থেকে প্রতিবছর বিজয় দিবসের জন্য ফরিদুর রেজা সাগরের গল্পকে কেন্দ্র করে নাটক নির্মাণ করে আসছেন অরুণ চৌধুরী। এবারের ‘ডাক্তার বাড়ি’ সেই ধারাবাহিকতার একটি অংশ। নাটকটি মুক্তিযুদ্ধের সময়কার একটি বাড়ির গল্প তুলে ধরে, যেখানে মুক্তিযোদ্ধারা এক গ্রামের ডাক্তার ও তার মেয়ের সাহায্যে আশ্রয় পান। গ্রামের ডাক্তার মল্লিকার (সাদিয়া ইসলাম মৌ) সাহসিকতা কেন্দ্র করে নাটকটি এগোয়। মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে নিরাপদ রাখে। এক সময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয়, কিন্তু মল্লিকা বাবাকে বোঝায় একদিন অপেক্ষা করার জন্য। এরপর ঘটে নানা উত্তেজনাপূর্ণ ঘটনা।
নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে ৮ থেকে ১০ ডিসেম্বর। নাটকে নরেশ ভুঁইয়া অভিনয় করেছেন মল্লিকার বাবার চরিত্রে, আর আহসান হাবিব নাসিমকে দেখা যাবে মুক্তিযোদ্ধার ভূমিকায়। গণমাধ্যম সূত্রে জানা গেছে নতুন এই কাজ নিয়ে মৌ বলেন, “মুক্তিযুদ্ধের কাজ অনেক কম করেছি। খুব ভালো লেগেছে এত সুন্দর গল্পে অভিনয় করতে পেরে। চরিত্রটি ধারণ করতে নিজের সর্বোচ্চটা দিয়েছি।” নির্মাতা অরুণ চৌধুরীও বলেন, “গল্প অনুযায়ী পর্দায় সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শক যদি এটি ভালো পান, তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে।”
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌয়ের প্রথম ওয়েব ফিল্ম। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে আকা রেজা গালিব এটি নির্মাণ করেছেন। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’। এই ওয়েব ফিল্মে মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। গল্পে দেখা যাবে, এক রাতে সে মেয়ের গোপন প্রেমিককে খুন করে এবং ঘটনা গোপন করার জন্য মরিয়া হয়ে ওঠে। পুরো গল্পটি মৌয়ের চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে।