প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম
বলিউডে শুরু হয়েছে নতুন এক আলোচনা। পর্দায় প্রথমবার জুটি বাঁধতে পারেন দুই জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নানা চমক দিয়ে আলোচনা দখলে রাখা দীপিকার সঙ্গে এবার নাম জড়াচ্ছে পরিচালক অমর কৌশিকের বহুল প্রতীক্ষিত পৌরাণিক ও মহাকাব্যিক প্রজেক্টের।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘স্ত্রী ২’-এর নির্মাতা অমর কৌশিক তার ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনায় রেখেছেন। অন্যদিকে, শোনা যাচ্ছে ছবির শিরোনাম ভূমিকাসহ প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। যদি এই জুটি চূড়ান্ত হয়, তবে এটিই হবে ভিকি-দীপিকা জুটির প্রথম সিনেমা, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও।
এর আগে দুজনকে বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেলেও চলচ্চিত্রে কখনও স্ক্রিন শেয়ার করেননি। ফলে দুই শক্তিশালী অভিনেতাকে একই ফ্রেমে দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা। বলিউডে ইতোমধ্যেই আলোচনাÑ এই জুটি কি পর্দায় নতুন ম্যাজিক দেখাতে চলেছে?
যদিও ‘মহাবতার’ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা পক্ষ। গল্প, চরিত্র ও নির্মাণ পরিকল্পনা সম্পর্কেও তারা মুখ খুলতে নারাজ। তবে গুঞ্জন থামছে না, পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টেই কি প্রথমবার যুগলবন্দি হচ্ছেন ভিকি কৌশল ও দীপিকা পাড়ুকোন? আপাতত সেই উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে চূড়ান্ত ঘোষণার জন্য।