প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ পিএম
স্ট্রিমিং দুনিয়ার ক্ষমতার মানচিত্র বদলে দিতে শুরু হয়েছে নতুন দড়ি টানাটানি। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণে নেটফ্লিক্সের চেয়ে বড় দর নিয়ে মাঠে নেমেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। নেটফ্লিক্স যেখানে দাম প্রস্তাব করেছে ৭২ বিলিয়ন ডলার, সেখানে প্যারামাউন্ট পুরো ১০৮ বিলিয়ন ডলারের বেশি অফার দিয়েছে। বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের একচ্ছত্র আধিপত্যে বাধা দিতে এবং নিজেদের মিডিয়া সাম্রাজ্য শক্তিশালী করতে প্যারামাউন্টের এটি বড় বাজি।
গত সপ্তাহজুড়ে নেটফ্লিক্স, প্যারামাউন্ট ও কমকাস্টের আলোচনার মধ্যেই খবর ছড়ায়-৭২ বিলিয়ন ডলারের চুক্তিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নেটফ্লিক্স। তবে প্যারামাউন্টের অপ্রত্যাশিত পাল্টা প্রস্তাবের ফলে লড়াই আবারও জটিল হয়ে উঠেছে। এইচবিও, ডিসি কমিকসসহ ওয়ার্নার ব্রাদার্সের অমূল্য সম্পদ হাতছাড়া হওয়ার শঙ্কায় সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে।
গত সোমবার কোম্পানির পরিচালকমণ্ডলী জানায়, প্যারামাউন্টের প্রস্তাব তারা বিবেচনা করবেন, তবে নেটফ্লিক্সকে ঘিরে আগের সুপারিশ অপরিবর্তিত থাকছে। আপাতত প্যারামাউন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৩০ ডলার শেয়ারমূল্যের প্যারামাউন্টের এই নগদ প্রস্তাবের পেছনে যুক্ত হয়েছে জ্যারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্সসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্রীয় তহবিল। প্যারামাউন্টের কর্ণধার ডেভিড এলিসনের বাবা ল্যারি এলিসনÑ যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি-প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হবে দাবি করে ট্রাম্পকে ফোনও করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবর।
প্যারামাউন্টের দাবি, তাদের প্রস্তাব শেয়ারহোল্ডারদের আরও ১৮ বিলিয়ন ডলার বেশি সুবিধা দেবে এবং আইনি অনুমোদনও সহজ হবে। অন্যদিকে নেটফ্লিক্সের সীমিত প্রস্তাবের বিপরীতে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্সের কেবল টিভি সম্পত্তিও অধিগ্রহণ করতে চায়।
এদিকে নেটফ্লিক্সের কো-সিইও টেড স্যান্ডোস প্যারামাউন্টের অফারকে ‘শত্রুতামূলক’ বললেও চুক্তি সফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি ইঙ্গিত দেন, প্যারামাউন্টের দেখানো ‘সিনার্জি’ কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে আসতে পারে, যা নেটফ্লিক্স করতে রাজি নয়।