প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১২:১০ পিএম
সংগীতশিল্পী আসিফ আকবরকে কেন্দ্র করে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। তার সাম্প্রতিক এক পডকাস্টে দেওয়া মন্তব্যকে ঘিরে আবার সরগরম হয়েছে দীর্ঘদিন ধরে চলা আসিফ আকবর ও অভিনেতা ওমর সানীর পুরনো বিরোধ। ব্যক্তিজীবন নিয়ে আসিফের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সানি এবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তার ভাষায়, আসিফের কোনো অধিকার নেই তার সংসার বা ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করার।
বিতর্কের সূত্রপাত গত নভেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আসিফ আকবর। সেই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তখনই একটি ভিডিও বার্তায় আসিফকে সমালোচনা করেন ওমর সানী। সে সময় তিনি কেবল আসিফের অবস্থান ও আচরণ নিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেন সানি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘সব দোষ চেয়ারের।’
তবে প্রায় এক মাস পর সেই সমালোচনার জবাব দেন আসিফ। মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে গিয়ে তিনি ওমর সানীকে ‘নারীশাসিত পুরুষ’ বলে উল্লেখ করেন। শুধু সংসার নয়, তার ব্যক্তিজীবন নিয়েও কটাক্ষ করেন। আসিফ বলেন, ‘উনি সহজ-সরল মানুষ। চাপটাপ বিক্রি করে, ভাবছে এমন কিছু বললে বাফুফে কিনবে। নিজেই সংসার সামলাতে পারেন না। ফেসবুকই তার ভরসা।’
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি ওর ব্যক্তিজীবন নিয়ে কিছু বলিনি। শুধু চেয়ারের কথা বলেছি। আর ও এসে আমাকে নারীশাসিত বলে!’ সানি আরও বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস করÑ আমার অবস্থান কোথায়। সাহস থাকলে সামনে এসে কথা বল। আমি ঢাকাতেই আছি।’
একপর্যায়ে আরও কঠোর ভাষায় তিনি বলেন, ‘তোর কী অবস্থান যে আমার সংসার নিয়ে কথা বলিস? আমার আর মৌসুমীর সামনে দাঁড়িয়ে এসব বলতে পারবি?’
যদিও ভিডিওর শেষ অংশে কিছুটা নরম সুরে পরামর্শ দেন তিনি। বলেন, ‘আল্লাহ সম্মান দিয়েছে, বয়স হইছে। ভাবী ভালো মানুষ, বাচ্চারাও ভালো। ভালো হয়ে যা, ভদ্র হয়ে যা। ব্যক্তিজীবন নিয়ে কথা বলিস না। এগুলো ভালো না।’