প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৯ পিএম
বলিউডের নীরব ও রহস্যময় তারকা অক্ষয় খান্না এবার জানালেন চিরকুমার থাকার আসল কারণ। ব্যক্তিগত জীবন সব সময় আড়ালে রাখলেও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেনÑ বিয়ে তার জন্য নয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একসময় অক্ষয় বিবাহিত জীবনের স্বপ্ন দেখতেন এবং কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়েও তার সুস্পষ্ট ধারণা ছিল। সেসময়ে তার আশা ছিল যে, সঠিক মানুষটিকে খুঁজে নিয়ে তিনি এক দিন ঠিকই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই ভাবনা সম্পূর্ণ পাল্টে গেছে।
বর্তমান জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে অক্ষয় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় না যে আমি বিয়ে করব। ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিয়ের জন্য উপযুক্ত নই। আমি সেই ধরনের জীবনের জন্য তৈরি নই।’ অভিনেতা আরও বলেন, ‘বিয়ে একটি অত্যন্ত গুরুতর প্রতিশ্রুতি। এর জন্য জীবনযাত্রায় একটি চরম পরিবর্তন আনতে হয়, যা তিনি মেনে নিতে প্রস্তুত নন।’
নিজের অবিবাহিত থাকার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এখন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পাই। আগে এমন ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হয়ে গিয়েছি। এর প্রধান কারণ হলো, আমি একা থাকতে দারুণ উপভোগ করি।’ ব্যক্তিগত জীবনে নিজের মতো পথ বেছে নিলেও কর্মজীবনে অক্ষয় খান্না এখনও দুর্দান্ত ফর্মে আছেন। সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এ তার নীরব অথচ প্রভাবশালী উপস্থিতি আবারও প্রমাণ করেছেÑ ভারতীয় মূলধারার সিনেমায় তিনি এখনও অদ্বিতীয় এবং তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।