প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ পিএম
স্ট্রিমিং দুনিয়ায় বড়সড় আরেকটি পরিবর্তন আসছে। ৮২.৭ বিলিয়ন ডলার মূল্য পরিশোধ করে হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের স্ট্রিমিং রাইটস কিনে নিচ্ছে নেটফ্লিক্স। সিনেমা শিল্পের ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বৃহত্তম চুক্তি।
এই চুক্তির ফলে ওয়ার্নার ব্রোসের বিশাল মুভি লাইব্রেরি চলে আসবে নেটফ্লিক্সের অধীনে। ওয়ার্নারের দীর্ঘ কয়েক দশকের সুপারহিট, ক্লাসিক ও জনপ্রিয় ব্লকবাস্টারগুলো একে একে যোগ হবে নেটফ্লিক্সের কনটেন্ট কালেকশনে, যা স্ট্রিমিং জায়ান্টটির জন্য নতুন মাত্রা যোগ করবে। শুধু তাই নয়, চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে এইচবিও ও এইচবিও স্টুডিওসের আওতাধীন সিনেমাগুলোও। অর্থাৎ এখন থেকে নেটফ্লিক্স সাবস্ক্রাইবাররা দেখতে পারবেন এইচবিওর আইকনিক টাইটেল, প্রশংসিত চলচ্চিত্র ও এক্সক্লুসিভ মুভি কালেকশন। সবচেয়ে বড় চমক, নেটফ্লিক্সে আসছে বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি ‘হ্যারি পটার’ সিরিজ। বহু বছর ধরে বিভিন্ন প্লাটফর্মে সীমিতভাবে সম্প্রচারিত হলেও এবার পুরো সিরিজ একসঙ্গে দেখা যাবে নেটফ্লিক্সে, যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। এই রেকর্ডমূল্যের চুক্তি নেটফ্লিক্সের কনটেন্ট ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং প্লাটফর্মগুলোর ওপর চাপ বাড়াবে। অন্যদিকে ওয়ার্নার ব্রোসের জন্য এটি হবে ব্যবসায়িক পুনর্গঠনের অংশ, যা প্রতিষ্ঠানটিকে নতুন অর্থনৈতিক স্থিতি এনে দিতে পারে। সব মিলিয়ে, নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রোসের এই চুক্তিকে ভবিষ্যতের স্ট্রিমিং যুদ্ধের ‘গেম-চেঞ্জার’ হিসেবেই দেখছেন অনেকে।