× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যময় নারীর গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৬ পিএম

রহস্যময় নারীর গল্প

দীর্ঘ প্রস্তুতি ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র প্লাটফর্মে চিত্রনাট্য ঘুরিয়ে অবশেষে রুবাইয়াত হোসেন প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অভিনয়শিল্পীদের নাম। চিত্রনাট্য রচনা থেকে শুরু করে আন্তর্জাতিক উৎসবে ঘুরে বেড়ানো এই সিনেমাকে নিয়ে নির্মাতার পথচলা ছিল ধীর, স্থির এবং একনিষ্ঠ। অবশেষে প্রকাশ্যে এলো সিনেমাটিতে অভিনয় করা শিল্পীদের নাম। এই ছবিতে অভিনয় করছেন তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে আছেন নতুন প্রজন্মের অভিনয়শিল্পী জাইনিন করিম চৌধুরী। আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন রুবাইয়াত হোসেন।

গল্পের কেন্দ্রে রয়েছেন এক তরুণী, যার ছোটবেলা থেকে স্বপ্ন নিজের বিয়ে হবে রূপকথার মতো আড়ম্বরে। বাইরের দুনিয়ায় সফল, আত্মবিশ্বাসী এই মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এক গভীর যন্ত্রণা সে ভুগছে জটিল এক রোগে, যা সে লুকিয়ে রাখে আপনজনদের কাছ থেকেও। ঘরোয়া নানা উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও তা কার্যকর হয় না। ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে, আর তার একাকীত্ব আরও প্রকট হয়ে ওঠে। এমন এক সময়ে সে বিউটি পার্লারে গিয়ে হঠাৎই কল্পনায় দেখতে শুরু করে লম্বা চুলের রহস্যময় এক নারীর উপস্থিতি। এই অদৃশ্য চরিত্র তার জীবনে প্রশ্ন, দ্বন্দ্ব ও আত্ম-অন্বেষণের এক নতুন দরজা খুলে দেয়।

ইতোমধ্যেই শেষ হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবাইয়াত বলেন, ‘প্রতিটি অভিনেতা-অভিনেত্রী তাদের সর্বোচ্চটা দিয়েছেন। উজাড় করে দিয়েছেন নিজেদের শৈল্পিকতা, উদারতা আর নিষ্ঠা। তাদের এই সহযোগিতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’

তিনি আরও জানান, এই গল্পের বীজ তার মনে রোপিত হয়েছিল প্রায় দুই দশক আগে। ২০০৬ সালে তিনি এটি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের কথা ভাবেন। তবে গল্পের ভর, অনুভূতির বিস্তার এবং বিষয়বস্তুর গভীরতার কারণে শেষ পর্যন্ত এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা করার সিদ্ধান্ত নেন। 

তার ভাষ্য, ‘২১ বছর ধরে গল্পটি হৃদয়ের ভেতর ছিল। অসংখ্যবার লিখেছি, আবার মুছেছি। জীবনের অর্ধেক সময়জুড়ে এই গল্প আমাকে অনুসরণ করেছে। আজ যখন সিনেমাটি বাস্তবে দাঁড়িয়ে গেছে, সেটা আমার কাছে এক প্রকার মিরাকল।’

দ্য ডিফিকাল্ট ব্রাইডের চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস, যিনি ইউরোপিয়ান সিনেমায় তার স্বতন্ত্র ভিজ্যুয়াল ভাষার জন্য পরিচিত। সিনেমাটির অন্যান্য বিভাগেও যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞ কলাকুশলী। যৌথ প্রযোজনায় রুবাইয়াতের সঙ্গে কাজ করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস এবং নরওয়ের ইনগার্ড লিল হটনÑ যা ছবিটির আন্তর্জাতিক মান ও বিস্তৃতি আরও বাড়িয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর ফ্রান্সের লেস আর্কস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক-ইন-প্রোগ্রেস সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটির প্রকল্প। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের গুরুত্বপূর্ণ ধাপ। নির্মাতার আশা, ২০২৬ সালের মার্চ নাগাদ প্রস্তুত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এরপর এটি অংশ নেবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে বাংলাদেশের গল্প ও নির্মাণশৈলী নতুনভাবে তুলে ধরবে এই সিনেমা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা