প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৬ পিএম
কয়েক বছরের মধ্যে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। পুরো বছরজুড়ে এখানে সিনেমা কেন্দ্রিক নানা আয়োজন চলে, তবে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের পঞ্চম আসর গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১০ দিন এবং এতে ৫০টির বেশি দেশের ১০০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
প্রতি বছর ফেস্টিভ্যালে হাজির হন হলিউড, বলিউড এবং আরব বিশ্বের নামকরা অভিনেতা-নির্মাতারা। এবারের আয়োজনও ছিল তারকাময়।
উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত এক ঘণ্টার বিশেষ সেমিনারে অংশ নেন ঐশ্বরিয়া রাই। সেখানে তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ার ও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং জীবনে যেসব সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন, সেই কাজের কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঐশ্বরিয়া বলেন, ‘জীবনের সব পরিস্থিতিতে আমি কখনও সিদ্ধান্তহীন হইনি। অন্যরা কী বলবে, এই চিন্তা না করে সব সময় নিজের সিদ্ধান্তে অটল থেকেছি। অনিরাপদ বোধ কখনও করি না; এ কারণেই আজকের অবস্থানে পৌঁছেছি।’
ঐশ্বরিয়া জীবনকে সব সময় একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তিনি জানালেন, নানা পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করেছেন। ‘ডাক্তার হতে চেয়েছিলাম, আমি সায়েন্সের ছাত্রী ছিলাম। স্থাপত্যে পড়াশোনা করেছি। ভাগ্য আমাকে শোবিজে নিয়ে এসেছে। এখনও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীর মতো; যা কিছু ঘটেছে, শেখার চেষ্টা করেছি,’ বলেন তিনি।
অভিনয় সংক্রান্ত সিদ্ধান্তে ঐশ্বরিয়া সব সময় চেষ্টা করেছেন ভালো গল্প এবং ভালো সহকর্মীর সঙ্গে কাজ করার। বড় বাজেটের সিনেমা নয় বরং গল্পের গভীরতাই তার প্রাধান্য দিয়েছেন। উদাহরণস্বরূপÑ সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’-এর মতো বড় প্রজেক্টের পর তিনি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’-তে। ঐশ্বরিয়া বলেন, ‘আমার সব সময় চেষ্টা থাকে সুন্দর গল্পে অংশ নিতে। তাই বড় প্রজেক্টের পরও কম বাজেটের সিনেমা করি, কারণ ভালো গল্পেই আমি সব সময় কাজ করতে চাই।’