প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:০০ পিএম
শাকিব খান অভিনীত বহুল আলোচিত নতুন সিনেমা ‘প্রিন্স’-এ যুক্ত হলেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। তাসনিয়া ফারিণের পর তিনিই এই ছবির দ্বিতীয় নিশ্চিত নারী চরিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটিতে মোট তিনজন ফিমেল লিড থাকছেন, আর জ্যোতির্ময়ী তাদের একজন হিসেবে চরিত্রে যুক্ত হয়েছেন।
জ্যোতির্ময়ী কুন্ডু টলিউডে ধারাবাহিকভাবে কাজ করে নিজের অভিনয়গুণে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ওয়েব সিরিজ ও সিনেমা দুই ক্ষেত্রেই তিনি নিয়মিত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় কাজ করাটা তার ক্যারিয়ারের জন্যও একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে। ছবিতে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ এবং গল্পের কেন্দ্রে থাকা তিন নারী চরিত্রের একটি বলেই জানা গেছে।
এর আগে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণকে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা পাওয়া ফারিণের যুক্ত হওয়া নিয়েই ছবিটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। এরপর নতুন সংযোজন হিসেবে জ্যোতির্ময়ীর নাম ঘোষণা হওয়ায় সিনেমাটিকে ঘিরে আলোচনার মাত্রা আরও বেড়ে গেছে। তিনজন নারী চরিত্রÑ প্রত্যেকেই আলাদা ব্যাকগ্রাউন্ড ও কনফ্লিক্ট নিয়ে সিনেমার গল্প এগিয়ে নেবে বলে জানা গেছে।
সিনেমার নির্মাতা দল জানিয়েছে, ‘প্রিন্স’ একটি বাণিজ্যিক ধাঁচের হলেও এতে থাকবে আধুনিক গল্প, নাটকীয়তা এবং শক্তিশালী আবেগের মিশ্রণ। শাকিব খানের চরিত্রটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক জটিল আবহ, যেখানে তিন নারী চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। শুটিং পর্যায়ক্রমে শুরু হলেও পুরো কাস্ট ও চরিত্রগুলো বিষয়ে এখনও সব তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ ও ভারতের অভিনেতা-অভিনেত্রীদের সমন্বয়ে নির্মিত এই প্রজেক্টকে ঢালিউডের পরবর্তী বড় বাজেটের সিনেমা হিসেবে দেখা হচ্ছে। তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডুর যুক্ত হওয়া দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।