× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিয়াম-সুস্মিতার 'রাক্ষস'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫ এএম

সিয়াম-সুস্মিতার 'রাক্ষস'

‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে যুক্ত হয়েছে এক নতুন চমক। দীর্ঘদিন ধরেই খবর ছিলÑ এই ছবিতে জনপ্রিয় ঢালিউড তারকা সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন কলকাতার আলোচিত নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’, ‘বরবাদ’ ছবিতে অভিনয়ের পর ইধিকার নাম বেশ শক্তভাবেই ঘুরে বেড়াচ্ছিল এই প্রজেক্টকে ঘিরে। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সর্বশেষ আপডেটে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে ইধিকা নন, দেখা যাবে টলিউডের তরুণ অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

সুস্মিতা চ্যাটার্জি তুলনামূলকভাবে নতুন হলেও ইতোমধ্যে নিজের দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন টলিউডে। জিৎ অভিনীত আলোচিত সিনেমা ‘চেঙ্গিস’ এবং ‘মানুষ’-এ অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনি। পর্দায় তার উপস্থিতি, স্বাভাবিক অভিনয় এবং চরিত্রকে নিজের মতো করে গড়ে নেওয়ার দক্ষতা তাকে নিয়ে গেছে আলোচনার কেন্দ্রে। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন দুটি নতুন ছবির শুটিং নিয়েÑ ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’। এই দুই সিনেমার কাজ প্রায় শেষের দিকে, আর এই ব্যস্ততার মধ্যেই এবার বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবার যুক্ত হতে চলেছেন সুস্মিতা।

প্রযোজনা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ১০ ডিসেম্বর থেকেই ঢাকায় শুরু হচ্ছে ‘রাক্ষস’-এর শুটিং। তবে শুরুর লটেই থাকছেন না নায়িকা সুস্মিতা। শুরুতে পরিচালকের পরিকল্পনা অনুযায়ী সিয়ামকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন ও ইমোশনাল সিকোয়েন্স ধারণ করা হবে। এরপরের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় লটে সুস্মিতা যোগ দেবেন ছবির কাজে। জানা গেছে, সিনেমার শিডিউল এবং চরিত্রের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে নির্মাতা হৃদয়ের সঙ্গে তার বিস্তারিত বৈঠকও সম্পন্ন হয়েছে।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় এর আগে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে দর্শকের নজর কাড়েন। অ্যাকশন-ড্রামার নতুন ধারার উপস্থাপনা এবং গল্পের গতিময়তা তাকে নতুন প্রজন্মের নির্মাতাদের তালিকায় বিশেষভাবে জায়গা করে দিয়েছে। সেই ধারাবাহিকতায় ‘রাক্ষস’-কেও বড় কনসেপ্টের চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি থাকবে শক্তিশালী রোমান্টিক ট্র্যাক, যেখানে সিয়াম ও সুস্মিতার নতুন জুটিকে প্রথমবার দেখবে দর্শক।

সিয়াম আহমেদও নতুন চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, তার চরিত্রকে ঘিরে ছবিতে রয়েছে বেশকিছু চ্যালেঞ্জিং দৃশ্য, যেগুলো সম্পূর্ণ করতে বিশেষ ট্রেনিংও নিচ্ছেন তিনি। যদিও এখনও তার চরিত্র বা লুক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি, তবে শিল্পী মহলে গুঞ্জন, ‘রাক্ষস’ হতে যাচ্ছে সিয়ামের ক্যারিয়ারের আরেকটি ভিন্ন মাত্রার কাজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা