× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৪৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ২২:৫০ পিএম

আসছে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’। দীর্ঘদিন বাদে এবার পূর্ণাঙ্গ অ্যালবাম মুক্তি পাচ্ছে তাদের। যার নাম ‘ফিনিক্সের ডায়েরি-১’। ইতোমধ্যেই এই অ্যালবামের একটি গান ভিডিওর মাধ্যমে প্রকাশিত করা হয়। এটি মুক্তির পর অর্থহীন ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।

‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবামটি এ বছরের শেষ সপ্তাহে মুক্তি দেওয়া হবে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন গানের দলটির ম্যানেজার টিটু। তিনি বলেন, ‘আসন্ন অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড অর্থহীন। দিন-রাত ভক্তদের জন্য কাজ করে যাচ্ছে দলটি। বলতে গেলে শ্বাস ফেলানোর সময় পাচ্ছে না কেউ। কারণ অর্থহীন তার ভক্তদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা।’ 

এ সময় টিটু আরও বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভক্ত রয়েছে। তাদের কথা মাথায় রেখেই কাজ করা হচ্ছে। আশা করছি কেউ হতাশ হবে না। আমাদের সঙ্গেই থাকুন ভালো কিছু আসছে।’ 

অ্যালবামের প্রথম গানটির নাম ‘আমার এ গান’। নতুন গানে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুমন ও অর্থহীন ব্যান্ডের বাকি সদস্যরা। ‘আমার এ গান’-এর ভিডিওটি সুমনের গল্প ও চিত্রনাট্যে নির্মাণ হয়েছে। যেটি পরিচালনা করেছেন আশফাক বিপুল। ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে অর্থহীনের সদস্যদের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’-এর পর অর্থহীনের কোনো নতুন গান আসেনি। ব্যান্ডটির সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। ‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবামটি মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে। এ বছরের শেষ সপ্তাহে সবগুলো গান প্রকাশ করা হবে। এর মধ্যে ৪টি গান থাকবে ভিডিওসহ। বাকি গান কীভাবে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

বর্তমানে অর্থহীন ব্যান্ডের লাইনআপে রয়েছেন—সুমন (গায়ক, বেজ গিটার), শিশির (গিটার, কিবোর্ড), মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা