প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৪ পিএম
অনলাইন বেটিং অ্যাপকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে তলব করেছিল ভারতের আইন প্রয়োগকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সমন পাওয়ার পর গত মঙ্গলবার সংস্থার দপ্তরে হাজির হয়ে নিজের বক্তব্য দেন তিনি। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এলেও নেহা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, একটি নিষিদ্ধ অনলাইন বেটিং প্লাটফর্মের সোশ্যাল মিডিয়া প্রমোশন চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন নেহা। কীভাবে প্রচারের বিনিময়ে অর্থ দেওয়া হতো, সেই আর্থিক লেনদেনের ধরনই এখন ইডির নজরদারিতে। অভিযোগ রয়েছে, অ্যাপটি ভারতে নিষিদ্ধ থাকায় শুধু ডিজিটাল মাধ্যমে প্রচার চালানো হতো এবং এ কাজে ব্যবহৃত অর্থ আসত বিদেশি উৎসের মাধ্যমে ঘুরে-ফিরে। সন্দেহ করা হচ্ছে, ওই টাকার উৎস বৈধ নয় এবং হাওয়ালা চক্রসহ বিভিন্ন স্তর পেরিয়ে তা শিল্পীদের কাছে পৌঁছাত। এ মামলায় শুধু নেহা শর্মাই নন, আগে একই অভিযোগে সমন পেয়েছেন উর্বশী রাউতেলা, সোনু সুদ, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, যুবরাজ সিং, শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার মতো একাধিক তারকা। চলমান তদন্তে এবার সেই তালিকায় যুক্ত হলো নেহা শর্মার নামও।